বুধবার ৪ নভেম্বর ২০২৬

উত্তাল পদ্মা: শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুট বন্ধ

awrakandi-simulia-rut-বৈরী আবহাওয়ায় পদ্মায় উত্তাল হয়ে ওঠায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ ও স্পিডবোট চলাচল দ্বিতীয় দিনের মত বন্ধ রয়েছে। সোমবার শিমুলিয়া ঘাট থেকে এসব ছোট নৌযান ছেড়ে যায়নি এবং কাওড়াকান্দি থেকেও ছেড়ে আসেনি। তবে ডাম্প ফেরিসহ সকল ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। ৩টি রোরোসহ সোমবার ১৪টি ফেরি দিয়ে পারাপার চলছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতেই পারাপার হচ্ছেন। তাই ফেরিতে ভিড় বেশি। শিমুলিয়ায় ২০টি বাস এবং ১শ’ ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।  কাওড়াকান্দিতেও শতাধিক যান পারাপারের অপেক্ষায়।

শিমুলিয়া নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন জানান, বৈরী আবহাওয়ায় পদ্মা নদীর পানি উত্তাল ঢেউ ও তীব্র স্রোত দেখা দেয়। এতে দুর্ঘটনা এড়াতে উভয়ঘাট থেকে লঞ্চ, সিবোট, ট্রলারসহ ছোট ছোট নৌযানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বন্ধ রাখা নৌযানগুলো চালু করা হবে।

বিআইডব্লিটিসির ব্যবস্থাপক আব্দুল হালিম জানান, ডাম্প ফেরিসহ ১৪টি ফেরিতেই স্বাভাবিক যান ও জন পারাপার হচ্ছে।  মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউনুস আলী জানান,  লঞ্চ, স্পিডবোট ও ট্রলার চলাচল বন্ধ থাকায় যাত্রী সাধারণ পারাপার বিঘ্নিত হচ্ছে। এখন ফেরি করে পদ্মা পাড়ি দিতে হচ্ছে যাত্রী সাধারণের। কিছু যান পারাপারের অপেক্ষায় থাকলেও যানজট নেই।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *