বুধবার ৪ নভেম্বর ২০২৬

মালয়েশিয়ার হারানো বিমান এমএইচ ৩৭০’র সন্ধান!

MH-370ধারণা করা হচ্ছে, মালয়েশিয়ার হারানো ফ্লাইট এমএইচ ৩৭০-এর বোয়িং-৭৭৭ বিমানের পাখার একটি অংশ আফ্রিকার পূর্ব উপকূলে পাওয়া গেছে। পাখার অংশটি নিয়ে পরীক্ষা চালাছে ফ্রান্সের একটি বিশেষ সংস্থা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফ্রিকার পূর্ব উপকূলে ভারত মহাসাগরে ফ্রান্সের নিয়ন্ত্রাধীন রিইউনিয়ন দ্বীপের কাছে বিমানের পাখার অংশটি পাওয়া গেছে। বিধ্বস্ত বিমান বিষয়ক ফ্রান্সের তদন্ত সংস্থা (বিইএ) পাখার অংশটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। তবে বিমানের ধ্বংসাবশেষ পাওয়ার সঠিক সময়টি জানায়নি ফ্রান্সের কর্মকর্তারা।

বিইএ-এর এক এক মুখপাত্র বুধবার রয়টার্সকে বলেন, ধ্বংসাবশেষের অংশটি বিমানের কোনো অংশ তা নিয়ে পরীক্ষা চলছে। তবে ছবি দেখার পর অনেক বিশেষজ্ঞই একে বিমানের পাখার অংশ বলে মত দিয়েছেন। এটি মালয়েশিয়ার হারানোর বিমানেরই কি না এখনই বলা যাচ্ছে না।

বিইএর মুখপাত্র রয়টার্সকে আরো জানান, ধ্বংসাবশেষটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজে মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞরাও অংশ নিয়েছেন।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, তারা ‘অনেকটাই নিশ্চিত’ ধ্বংসাবশেষ মালয়েশিয়ান এয়ারলাইন্সের হারিয়ে যাওয়া বোয়িং-৭৭৭ বিমানের।

পরিবহন নিরাপত্তা বিষয়ক অস্ট্রেলিয়ার সংস্থা এটিএবি জানিয়েছে, তারা বোয়িংয়ের সঙ্গে কাজ করছে। সংস্থাটির মুখপাত্র জো হ্যাটেলি এএপিকে বলেন, ‘আমরা কিছু ছবি পেয়েছি। এ বিষয়ে জানতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে পাঠানো হয়েছে।’ তবে বোয়িংয়ের পক্ষ থেকে ছবির ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি।

বিমান বিশেষজ্ঞদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, বোয়িং-৭৭৭ বিমানের পাখার সংযোগের সঙ্গে ফ্রান্সের নিয়ন্ত্রাণাধীন দ্বীপে পাওয়া বিমানের ধ্বংসাবশেষের বেশ মিল আছে। তবে বিবিসি এও জানিয়েছে, এটি অন্য কোনো বিমানেরও হতে পারে। কারণ ধ্বংসাবশেষ অংশটুকু মাত্র দুই বা আড়াই মিটার লম্বা।

মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী লিউ তিয়ং বলেন, বিমানের ধ্বংসাবশেষ দেখতে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে।  পর্যাপ্ত প্রমাণ ছাড়া বলা যাবে না এটিই এমএইচ ৩৭০ ফ্লাইটের বোয়িং-৭৭৭ বিমানের ধ্বংসাবশেষ।

গত বছর মার্চে ২৩৯ জন যাত্রী নিয়ে হারিয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০। ওই যাত্রীদের অধিকাংশই ছিল চীনা নাগরিক। কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল মালয়েশিয়ান এয়ারলাইন্সের বোয়িং-৭৭৭ বিমানটি। সমুদ্রে দীর্ঘদিন খোঁজের পরও বিমানটির ভাগ্যে কী ঘটেছিল তা জানা যায়নি। বিমানের ইতিহাসে এটি বড় রহস্য।

ফ্লাইট এমএইচ-৩৭০ এর বোয়িং বিমানটির খোঁজে দীর্ঘদিন সাগর চষে বেরিয়েছে অস্ট্রেলিয়া। তবে এই খোঁজ মূলত চালানো হয় ভারত মহাসাগরের দক্ষিণ অংশে।

নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *