জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসর গ্রহণের বয়সসীমা ৬৭ বছর বাতিল করে ৬৫ বছর করা হয়েছে। এ সিদ্ধান্ত গত বছরের ৩ মে থেকে কার্যকর বলে গণ্য হবে।
শুক্রবার বিকাল ৫টায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের সভাপতিত্বে সিনেটের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে শিক্ষকদের বয়সসীমা সংশোধনের উদ্যোগ নেয়ার প্রতিবাদে দুপুর ২টার দিকে প্রশাসনিক ভবন অবরোধ করেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। পরে বিকাল ৪টায় ভিসি অধ্যাপক ড. ফারজানা ইসলামের সঙ্গে শিক্ষক সমিতির নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষক সমিতির নেতারা। পরে বিকাল সাড়ে ৫টায় সিনেট অধিবেশন শুরু হয়। এ সময় সংবাদ সংগ্রহের জন্য বিশ্ববিদ্যালয় কর্মরত সাংবাদিকরা সিনেট হলে প্রবেশ করতে চাইলে বাঁধা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে সাংবাদিক নেতারা।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক খবির উদ্দিন বলেন, ‘আগামীতে শিক্ষক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে শিক্ষক সমিতির সঙ্গে আলোচনা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভিসির এমন আশ্বাসের প্রেক্ষিতে আমরা অবরোধ প্রত্যাহার করেছি।’
গত বছরের ৩ মে সরকারের সবুজ সংকেত ছাড়াই বিশেষ সিনেট অধিবেশনে শিক্ষকদের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ তে উন্নীত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে সরকারের ইতিবাচক সাড়া না পেয়ে পুনরায় সিনেট ডেকে বয়সসীমা সংশোধন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



Leave a Reply