যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বাঙালি জাতির শোকের মাস আগস্টের প্রথম দিন শনিবার অতিবাহিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে ধানমন্ডি ৩২ নং সড়কস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় পিতার সমাধিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির শুরু হয়।
১৯৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু সপরিবারে হত্যার বিয়োগান্তক অধ্যায় সংঘটিত হবার ৪০তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে এবার আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ৪০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগ,বাংলাদেশ আওয়ামী ওলামা লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ধানমন্ডীর বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরে জাতির পিতার প্রতিকৃতির বেদীতে মোমবাতি প্রজ্জ্বলন এবং পুষ্পাঘ্য অর্পণ করা হয়।একই সময়ে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতা’র সমাধিতেও স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ আগস্টের প্রথম প্রহরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে শোক মিছিল করার পর ভোরে দলের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে সর্বস্তরের নেতা-কর্মীরা ধানমন্ডীতে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে তাঁর সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার উদ্দেশ্যে যাত্রা করেন।
দুপুর ১২টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের নেতৃত্বে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, বিভিন্ন জেলা, উপজেলা,ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
জাতির পিতার সমাধি কমপ্লেক্সে পুষ্পার্ঘ্য অর্পণ ছাড়াও নিরবতা পালন,দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আগস্টের প্রথম দিনটিতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও জনগণের স্বতস্ফূর্ত অংশগ্রহণে দিনভর আলোচনা সভা, সমাবেশ, শোক মিছিল, রক্তদান কর্মসূচি,বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, মানববন্ধন, র্যালি প্রভৃতি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)-এর উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খানের নেতৃত্বে সকাল ৯টায় বিএসএমএমইউ কমপাউন্ডে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণসহ চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা বিনামূল্যে সাধারণ মানুষকে দিনভর চিকিৎসা সেবা প্রদান করেন।
জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১ টায় জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী) আয়োজিত মিছিল পূর্ব মানববন্ধন কর্মসূচিতে বিএনপি’র সাবেক ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা জাতীয় শোক দিবসে কেক কেটে মিথ্যা জন্মদিন পালনের মত গর্হিত অপরাধ থেকে বিরত থাকতে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়াকে অনুরোধ করেন।
এরআগে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে নতুনধারা বাংলাদেশ-এনডিবি’র শোক দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর বিদেশে পলাতক খুনীদের ফিরিয়ে এনে তাদের বিরুদ্ধে আদালতের দন্ড কার্যকরের দাবি জানান।
জয়বাংলা সাংস্কৃতিক জোট নেতৃবৃন্দ বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সোহরাওয়ার্দি উদ্যানের শিখা চিরন্তন পর্যন্ত শোক র্যালি বের করেন।
বাংলাদেশ কৃষক লীগের উদ্যোগে বিকেল চারটায় ধানমন্ডীস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
অনুরূপ কর্মসূচি পালন করে- বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট প্রভৃতি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply