বঙ্গোপসাগরে বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে তিনটি ফিশিং ট্রলারসহ আটক ৪১ ভারতীয় জেলেকে বাগেরগহাট কারাগারে পাঠিয়েছেন আদালত।
বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক রেজওয়ানুজ্জামান মঙ্গলবার ৪ আগস্ট বিকেলে আটক জেলেদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় সুন্দরবন উপকূলের ফেয়ারওয়ে বয়ার কাছে মাছ ধরতে দেখে নৌবাহিনী সোমবার সন্ধ্যায় ভারতীয় ৪১ জেলেসহ তিনটি ফিশিং ট্রলার আটক করে।
বাগেরহাটের বিএনএস মংলা নৌঘাঁটির পক্ষ থেকে মঙ্গলবার দুপুরে ওই জেলেদের মংলা থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ ও মাছ শিকারের অপরাধে মামলা দায়ের করে বিকেলে আদালতে পাঠানো হয়।
আটকদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply