বুধবার ৪ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে প্রেসক্লাবে সর্বধর্ম প্রার্থনা

Press-Club_ALL_religionজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্চে সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই প্রার্থনা সভার আয়োজন করে সাংবাদিক সমাজ।

জাতীয় শোক দিবসে আয়োজিত এই সর্বধর্ম প্রার্থনা সভায় সংগঠনের আহবায়ক সিনিয়র সাংবাদিক আতাউর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ নেতা ঊষাতন তালুকদার এমপি, সার্বজনীন পূজা উদযাপন কমিটির নেতা কাজল দেবনাথ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিল, বিশিষ্ট সাংবাদিক ফরিদ আহমেদ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্তসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সমাজের পক্ষ থেকে আয়োজিত এই প্রার্থনা সভায় বাংলাদেশের প্রধান চারটি ধর্ম মুসলিম , হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থের সংশ্লিষ্ট অংশ পাঠের মাধ্যমে পঁচাত্তরের পনেরই আগস্ট নিহত বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্য ও অন্যান্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের সুস্ব্স্থ্যা এবং কল্যাণ কামনা করে দোয়া এবং মোনাজাত করা হয়।

প্রথমে পবিত্র বাইবেল থেকে নির্বাচিত অংশ পাঠ করেন নটরডেম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেনজামিন কস্তা, পবিত্র ত্রিপিটক, গীতা এবং পবিত্র কোরআন থেকে পাঠ করেন যথাক্রমে কমলাপুর বৌদ্ধবিহারের শ্রীমৎ কালিত ভিক্ষু, প্রকৌশলী মানস মিত্র এবং হাফেজ মাওলানা জিয়াউল হাসান।

প্রার্থনা সভা শেষে সাংবাদিক আতাউর রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে এই উদ্যোগের প্রয়োজনীয়তা অপরিসীম। এই উপলব্ধি থেকেই সর্বধর্ম প্রার্থনা সভার আয়োজন করা হয়। ২০০৮সাল থেকেই এই উদ্যোগ চলে আসছে বলে তিনি জানান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *