চার শতাধিক যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে এ বছরের প্রথম হজ ফ্লাইট। রোববার সকাল ৮টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১০১১ ফ্লাইটি ৪১৮ জন হজ যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এছাড়া দ্বিতীয় হজ ফ্লাইটটি ছেড়ে যাবে দুপুর ২টা মিনিটে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বিমানবন্দরে উপস্থিত থেকে হজ ফ্লাইট উদ্বোধন ও হজযাত্রীদের বিদায় জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, রোববার বেলা ২টা ৩৫ মিনিটে ও রাত ৮টা ৩৫ মিনিটে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হজ ফ্লাইট ঢাকা ছাড়বে। এছাড়া রাত ১২টার নিয়মিত ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হবে।
এছাড়া আগামী ১৭ ও ১৮ আগস্ট যাদের ফ্লাইট সিডিউল রয়েছে সে সকল হজযাত্রী ক্যাম্পে আসা শুরু করেছেন। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জনের হজ পালনের কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ২ হাজার ৬০০ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫১ হাজার হজযাত্রী পরিবহন করবে।
বিমানের মুখপাত্র মহাব্যবস্থাপক খান মোশাররফ হোসেন জানান, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট থেকেও চলতি বছর যথারীতি প্রয়োজনীয় সংখ্যক হজ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



Leave a Reply