কবিতায় কবিতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয় কবিতা পরিষদ।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার সকালে এই কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।
জাতীয় কবিতা পরিষদের এ আয়োজনে কবিতা পাঠ করেন কবি নুরুল হুদা, কবি কাজী রোজী, কবি অসীম সাহা, কবি মুহাম্মদ সামাদ, কবি আসলাম সানী, কবি অঞ্জনা সাহা, কবি আনিস মুহাম্মদ, কবি পিয়াস মজিদ, সালাম সাকলাইন প্রমুখ।
অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ‘আবেগ থেকে চিন্তার স্বাধীনতা আসে। প্রাণের আবেগের সঙ্গে যুক্তির প্রাধান্য থাকলে বড় ধরনের ঘটনার জন্ম হয়। বাংলাদেশের মুক্তি-সংগ্রামে আবেগ এবং যুক্তি ছিলো।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু আবেগকে বাঙালীর প্রাণের ভেতর মেশাতে পেরেছিলেন। এ জন্য বাঙালী মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল।’
সৈয়দ শামসুল হক বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধু আত্মদান করেছেন। তার আত্মদান এ দেশের মানুষ চিরদিন ম্মরণ করবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের ও রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। এতে সভাপতিত্ব করেন কবি ড. খালেদ হোসাইন। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় কবিতা পরিষদের জাবি শাখার সাধারণ সম্পাদক ড. আবুল আজাদ।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।



Leave a Reply