বুধবার ৪ নভেম্বর ২০২৬

জমজমের পানি এবার ঢাকায় পাওয়া নিয়ে সংকটের শঙ্কা

zam_zam_Newsworldbdচলতি বছর হাজিরা দেশে ফেরার পর বিমানবন্দর থেকেই সংগ্রহ করবেন জমজমের পানি। আর এ পানি সৌদি আরব থেকে পরিবহন করবে সংশ্লিষ্ট এয়ারলাইনস কর্তৃপক্ষ। তবে হজ-পূর্ব ফিরতি ফ্লাইটে পানি পরিবহনে সংকট তৈরি হওয়ায় হাজিদের জমজমের পানি দেয়া নিয়ে উদ্বেগে আছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

জানা গেছে, হজ-পূর্ব ফিরতি ফ্লাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসকে জমজমের পানি পরিবহনের নির্দেশ দেয়া হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও সমস্যা দেখা দিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস নিয়ে। সৌদি এয়ারলাইনস প্রতিনিধি বেবিচককে জানিয়েছেন, সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি এয়ারলাইনসকে পানি সরবরাহ করলে তারা তা পরিবহন করবে। কিন্তু সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশন নিজ উদ্যোগে পানি সরবরাহের বিষয়ে এখনো কোনো আগ্রহ দেখায়নি। এ অবস্থায় চলতি বছর সৌদি ফেরত হাজিদের জমজমের পানি দেয়া নিয়ে সমস্যা তৈরি হতে পারে।

হাজিদের জমজমের পানি সরবরাহের বিষয়টি উল্লেখ করে ৬ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে বেবিচকসহ সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠান সিনিয়র সহকারী সচিব নিলুফার জেসমিন খান। চিঠিতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের প্রধান কার্যালয়ের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে বলেন, জমজমের পানি নিয়ে যাতে কোনো সংকট তৈরি না হয়, সেজন্য আগে থেকেই সতর্ক রয়েছে বেবিচক। সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের সঙ্গে পানি পরিবহনের বিষয়ে আলোচনা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ১৯ আগস্ট সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

প্রসঙ্গত, সৌদি কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী এবার থেকে পবিত্র জমজমের পানি হাজিদের মক্কা থেকে বহন করতে হবে না। সংশ্লিষ্ট এয়ারলাইনস কর্তৃপক্ষই বিমানবন্দরে হাজিদের জন্য জমজমের পানি সংরক্ষণের ব্যবস্থা করবে। সেখান থেকেই সোজা উড়োজাহাজে উঠবে জমজমের পানি। হাজিরা ওই পানির বোতল হাতে পাবেন দেশে ফেরার পর বিমানবন্দরে। সৌদি আরবের এভিয়েশন কর্তৃপক্ষের নতুন নিয়মানুযায়ী, হজ ও ওমরাহযাত্রীরা প্রত্যেকে পাঁচ লিটারের বোতলজাত পানি পাবেন। এজন্য তাদের পাসপোর্ট দেখাতে হবে। এর আগে একজন হজযাত্রী ১০ লিটার করে পানি সংগ্রহ করতে পারতেন।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজযাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন মোট ২ হাজার ৭০০ জন। অবশিষ্ট ৯৯ হাজার ৫৮ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

দুই মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ২৮৫টি ফ্লাইট পরিচালনা করবে বিমান। যার মধ্যে ২২৪ ‘ডেডিকেটেড’ এবং ৬১টি শিডিউল ফ্লাইট। ১৬ আগস্ট থেকে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ‘প্রি-হজ’-এ মোট ১৪৫টি (ডেডিকেটেড-১১৫ এবং শিডিউল-৩০) ফ্লাইট পরিচালনা করবে বিমান। আর পোস্ট-হজে ২৭ সেপ্টেম্বর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ১৪০টি (ডেডিকেটেড-১০৯ এবং শিডিউল-৩১) ফ্লাইট চালাবে বিমান।

গত বছর (২০১৪ সালে) সরকারি-বেসরকারি মিলিয়ে ৯৮ হাজার ৬০৫ জন বাংলাদেশী হজ পালন করেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেছেন ৯৭ হাজার ৪৮ জন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *