বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্ত্রী নির্যাতন: এটিএন নিউজ সাংবাদিক পূর্ণিয়া কারাগারে

purnia-ATN_Newsস্ত্রীকে নির্যাতনের মামলায় বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সাংবাদিক আতিক রহমান খান পূর্ণিয়াকে শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে। শুক্রবার রাতে তাকে মগবাজারের বাসা থেকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। নির্যাতনের অভিযোগে স্ত্রী ফারজানা আক্তার তুশী শুক্রবার রাতে আতিকের বিরুদ্ধে মামলা করেন। ফারজানা নিজে দীপ্ত বাংলা নামে একটি নতুন টেলিভিশন চ্যানেলের সাংবাদিক।

ফারজানা জানান, গত বছরের সেপ্টেম্বরে আতিকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই আতিক কারণে-অকারণে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকাল পর্যন্ত কয়েক দফায় তার ওপর শারীরিক নির্যাতন করা হয়। ফারজানা বেধড়ক মারধরের বিষয়টি রমনা থানা পুলিশকে জানান। পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেয়ার পর আতিককে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই এমদাদুল হক জানান, স্ত্রীকে নির্যাতনের মামলায় গ্রেফতার করে আতিক রহমান খান পূর্ণিয়াকে আদালতে পাঠানো হয়। আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জেলজাহতে রাখার আবেদন করা হয়। আসামিপক্ষ আদালতে জামিন আবেদন করে। আদালত আবেদন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন জনকণ্ঠের সাংবাদিক নাজনীন আক্তারকে নির্যাতনের অভিযোগে গাজী টেলিভিশনের বার্তা সম্পাদক রকিবুল ইসরাম মুকুলকে গ্রেফতার করে মিরপুর থানা পুলিশ। গ্রেফতারের পর গাজী টেলিভিশন থেকে মুকুলকে বরখাস্ত করা হয়। মুকুল এখন জেলজাহতে আছেন।

আরও পড়ুন