১৯৯৬ সালের শেয়ার কেলেঙ্কারির দায়ে চিকটেক্স লিমিটেডের দুই পরিচালককে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদেরকে অতিরিক্ত ৩০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর পুরানা পল্টনের হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে অবস্থিত পুঁজিবাজার সংক্রান্ত বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হুমায়ুন কবির এই আদেশ দেন।
আসামিরা হলেন, চিকটেক্স লিমিটেডের দুই পরিচালক মাকসুদুল রসুল ও ইফতেখার মোহাম্মদ। দুজনই পলাতক আছেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান।


