বুধবার ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

ctgচট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মেহেদী হাসান বাদল খুন হয়েছেন। মঙ্গলবার দিনগত রাত সোয়া এগারটার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনী এলাকার নিজ বাসার সামনে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। এ ঘটনার জন্য যুবলীগের শফি-কুদ্দুছ গ্রুপকে  দায়ী করেছে মেহেদীর পরিবার। নিহত যুবলীগ নেতা মেহেদীর অনুসারীরাও এ হত্যাকান্ডের জন্য শফি-কুদ্দুস গ্রুপকে দায়ী করেছেন।  মেহেদীর পরিবার জানায়, এক মাস আগেও বাদল নিজের জীবন নিয়ে শংকিত হয়ে আদালতে জিডি করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেদী হাসান বাদল চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগ নেতা  আ জ ম নাছির উদ্দিনের একান্ত অনুগত ও অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি নাসিরাবাদ পলিটেকনিক ইন্সটিটিউটকেন্দ্রিক যুবলীগ-ছাত্রলীগের রাজনীতি নিয়ন্ত্রণসহ তিনি নিজেও একটি গ্রুপ নিয়ন্ত্রণ করতেন। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগের শফি-কুদ্দুছের সঙ্গে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, শেরশাহ কলোনির সাংবাদিক হাউজিং সোসাইটি এলাকায় মেহেদির বাসার সামনে দুর্বৃত্তরা তার নাম ধরে ডাকে। এ সময় মেহেদি গেইটের সামনে এলে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো জানান, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নিজ দলের প্রতিপক্ষ গ্রুপের হাতেই মেহেদী খুন হয়ে থাকতে পারে। তবে খুনিদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।
এদিকে এ ঘটনার পর মেহেদীর অনুসারীরা রাতে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে।  বর্তমানে শেরশাহ কলোনি এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছে ।

অপরদিকে এলাকাবাসীর অভিযোগ, মেহেদি ভূমি দখল, শিল্প কারখানা থেকে চাঁদাবাজিসহ নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তবে বেশ কয়েকবার পুলিশ মেহেদিকে আটক করলেও পরে মুক্তি পান তিনি।

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *