প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই দেশে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথা বলার অধিকার কারো নেই। এদেশে সবার অধিকার সমান। প্রত্যেকে নিজের এবং অন্যের ধর্মকে সম্মান করবে, এমন বাংলাদেশর জন্যই কাজ করছেন তিনি। বৃহস্পতিবার সনাতন ধর্মালম্বীদের জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমি শনিবার। এ উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রতিনিধিরা তাদের বক্তব্যে সনাতন ও ধর্মীয় সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
শেখ হাসিনা বলেন, ধর্ম, বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সবাই যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে, এদেশে সবার অধিকার সমান। এই দেশে সবাই মাতৃভূমির অধিকার নিয়ে বসবাস করবে। তিনি বলেন, সব ধর্মেরই মূল কথা শান্তি। সবাই মিলে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় একটি শান্তির দেশ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে অবদান রাখার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম



Leave a Reply