বুধবার ৪ নভেম্বর ২০২৬

অবশেষে জেলেদের জালে ধরা দিচ্ছে ইলিশ

1 (23)_64326অবশেষে চলতি মাসে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে জেলেদের জালে আটকা পড়ছে নানা আকারের রুপালি ইলিশ। এতে স্বস্তি ফিরে এসেছে জেলেদের মধ্যে। তবে মা ইলিশ রক্ষায় ২৬ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত আবারো ইলিশ ধরা নিষিদ্ধ থাকবে। এ সময় জেলেদের আর্থিক সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিকে, ইলিশ বিশেষজ্ঞরা বলছেন, আশ্বিনের ভরা পূর্ণিমায় জেলেদেরকে মাছ ধরা থেকে বিরত রাখা সম্ভব হলে রক্ষা পাবে প্রায় দেড় হাজার কোটি মা ইলিশ।

চাঁদপুরের মেঘনা নদীর বুকে ভেসে বেড়াচ্ছে জেলেদের সারি সারি নৌকা। ইলিশের এ ভরা মৌসুমে জালে ধরা পড়ছে নানা আকারের রুপালি ইলিশ। জেলার মতলব উত্তরের ষাটনল থেকে দক্ষিণে হাইমচরের চরভৈরবী পর্যন্ত দীর্ঘ ৬০ কিলোমিটার নদীতে মাছ ধরছেন জেলেরা। তবে আগের মতো মিলছেনা ইলিশের ঝাঁক। দীর্ঘদিন পর, অল্প সংখ্যক হলেও জালে মাছ ধরা পড়ায় স্বস্তিতে রয়েছেন জেলেরা।

এদিকে, মা ইলিশ রক্ষায় ২৬ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত নদীতে জাল ফেলা নিষিদ্ধ থাকবে। চাঁদপুর হাইমচর উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারি বলেন, ‘এ সময় জেলেদেরকে আর্থিক সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।’  চলতি মাসে পদ্মা-মেঘনা নদীতে মাছ ধরা পড়ায় দীর্ঘদিন পর সরগরম হয়ে উঠেছে চাঁদপুর শহরের বড় স্টেশন এবং হাইমচরের কাটাখালি মাছের আড়ত। চাঁদপুর জাটকা সংরক্ষণ ও গবেষণা প্রকল্প পরিচালক ড. মো. আনিছুর রহমান বলেন, ‘আশ্বিন মাসের ভরা পূর্ণিমায় ইলিশ ধরা বন্ধ হলে, প্রায় দেড় হাজার কোটি মা ইলিশ রক্ষা পাবে।’ চাঁদপুরে ৬০ হাজারের বেশি জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *