বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভারতীয় লেখকরা দুমুখো: তসলিমা

Toslima20141015180659লেখক হত্যা ও হিন্দু জঙ্গিবাদের সাম্প্রতিক উত্থানে অনেক ভারতীয় লেখক রাষ্ট্রীয় পুরস্কার ফিরিয়ে দিলেও তাদের সমালোচনা করতে ছাড়েননি বাংলাদেশ থেকে নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। বলেছেন, ভারতীয় লেখকরা ‘দু-মুখো’।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত তসলিমা টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন।

কট্টরপন্থি মুসলিমরা যখন পশ্চিমবঙ্গে তার উপর চড়াও হচ্ছিল, তখন এ লেখকদের সমর্থন না পেয়ে ক্ষোভ তসলিমার। বলেন, “যখন মুসলমান জঙ্গিরা আমার বিরুদ্ধে ৫টি ফতোয়া জারি করে, যখন আমাকে পশ্চিমবঙ্গ থেকে ছুড়ে ফেলা হয়, যখন দিল্লিতে গৃহবন্দি থাকি, যখন আমার মেগা-সিরিয়াল নিষিদ্ধ করা হয়, তখন এদের অনেকেই চুপ ছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় ও শঙ্খ ঘোষের মতো বিখ্যাত লেখকরা আবেদন করে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দিয়ে আমার বই নিষিদ্ধও ‌করিয়েছিলেন।”

ধর্মীয় জঙ্গিবাদ নিয়ে ভারতীয় লেখকদের অবস্থানের সমালোচনা করে তসলিমা বলেন, “দু-মুখো এ লেখকরা হিন্দু জঙ্গিবাদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিলেও মুসলমান জঙ্গিদের নির্মম অপরাধগুলোকে ‘সমর্থন’ জানায়।”

দাদরি হত্যাকাণ্ড ও হিন্দু জঙ্গিবাদী দলগুলোর উগ্র তৎপরতার প্রতিবাদে ভারতে সাহিত্য একাডেমিসহ রাজ্য সরকারের দেওয়া নানা পুরস্কার ফিরিয়ে দিচ্ছেন অনেক লেখক।

দুই দশক আগে বাংলাদেশ ছাড়তে বাধ্য হওয়ার পর ভারতে ঠিকানা নেন তসলিমা। ক্রমাগত জঙ্গি হুমকির মুখে তিনি এ বছরের জুনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ভারতকে এখনও পাকিস্তান ও বাংলাদেশের চেয়ে অধিক ‘সংবেদনশীল রাষ্ট্র’ মনে করেন এই লেখক।

ভারতে নির্যাতিত মুসলিমদের পাশের দেশগুলোতে স্বেচ্ছা নির্বাসনেও যাওয়ার পরামর্শও দেন তিনি। বলেন, “মুসলমানরা যদি ভারতে নৃশংস নির্যাতনের শিকার হয়, তাহলে তারা পাশের মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে চলে যেতে পারে; যেভাবে বাংলাদেশ আর পাকিস্তান থেকে হিন্দুরা চলে যায়।”

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *