বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাতৃভাষা ইনস্টিটিউট পেল ইউনেসকোর স্বীকৃতি

Languages-Instituteঢাকার সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেসকোর ক্যাটাগরি-২ ইনস্টিটিউটের স্বীকৃতি লাভ করেছে।

আজ শনিবার প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে সংস্থাটির সাধারণ সম্মেলনের চলমান ৩৮তম অধিবেশনে সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

এ অধিবেশনে বক্তৃতায় ইউনেসকো সাধারণ সম্মেলনের নবনির্বাচিত সহসভাপতি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি বিশ্ব সম্প্রদায়ের শ্রদ্ধার নিদর্শন হিসেবে নির্মিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ক্যাটাগরি-২-তে উন্নীত করায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইউনেসকোর সকল সদস্য দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ইউনেসকোর সহযোগিতায় ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠা লাভ করায় মাতৃভাষার মাধ্যমে শিক্ষা গ্রহণের গুরুত্ব, ভাষাগত বৈচিত্র্য ও বহুভাষা ব্যবস্থার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার প্রকাশ পেয়েছে।

শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষার মর্যাদা রক্ষা করতে গিয়ে তৎকালীন শাসকদের বুলেটের আঘাতে অনেক ছাত্রের শহীদ হওয়ার কথা উল্লেখ করেন বলেন, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো সেসব শহীদের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশের শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগ ও পৃষ্ঠপোষকতার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, জাতিসংঘ সংস্থায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মর্যাদা বৃদ্ধির ফলে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরো বৃদ্ধি পাবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *