বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভুল চিকিৎসায় মন্ত্রীর ভাতিজির মৃত্যু

ctg pic-6_1334চট্টগ্রামের একটি ক্লিনিকে ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ভাতিজি মেহেরুন্নেছা রীমা (২৪) মারা গেছেন। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও উপস্থিত লোকজন ক্লিনিকে ভাংচুর করেন। তারা ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই রীমার অকাল মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন। রোববার রাত ৯টার দিকে নগরীর পাঁচলাইশ থানার সার্জিস্কোপ ক্লিনিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টায় রীমার লাশ চান্দগাঁওয়ে তার শ্বশুর বাড়িতে নেয়া হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। পাঁচলাইশ থানা পুলিশ, প্রত্যক্ষদর্শী ও রোগীর স্বজনরা জানান, প্রবাসীকল্যাণমন্ত্রীর ছোট ভাই খাইরুল বশরের সন্তানসম্ভবা মেয়ে মেহেরুন্নেছা রীমাকে শনিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অবস্থিত সার্জিস্কোপ ক্লিনিকের ইউনিট-১-এ ভর্তি করা হয়।

রোববার ভোর ৬টায় অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন রীমা। প্রবাসীকল্যাণমন্ত্রীর বড় ছেলে মুজিবর রহমান রোববার রাত পৌনে ১২টায় যুগান্তরকে জানান, তার চাচাতো বোন রীমাকে ডাক্তার রোজী সিদ্দিকের পরামর্শে সার্জিস্কোপ ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। ভুল অস্ত্রোপচারের কারণে কয়েক ঘণ্টা পর তার রক্তক্ষরণ শুরু হয়। এ সময় রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রীমাকে বাঁচাতে হলে তার জরায়ু কেটে ফেলতে হবে বলে জানান চিকিৎসক। এতেও রাজি হন স্বজনরা। রোববার সকাল ৯টার দিকে রীমাকে পুনরায় অস্ত্রোপচারের জন্য কাতালগঞ্জে সার্জিস্কোপ ক্লিনিকের ইউনিট-২-এ স্থানান্তর করা হয়। তখন রীমাকে ১১ ব্যাগ রক্ত দেয়া হয়। কিন্তু এরপরও তাকে বাঁচানো যায়নি। সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসক রীমাকে মৃত ঘোষণা করেন।

সার্জিস্কোপ ক্লিনিকের ইউনিট-১-এ থাকা অবস্থায়ই রীমার মৃত্যু হলেও ডাক্তাররা তা গোপন করেছেন বলে জানান মুজিবর রহমান। তিনি বলেন, সিনিয়র ডাক্তাররা দিনে ২০-২৫টি অপারেশন করে থাকেন। এ কারণে অনেক সময় অস্ত্রোপচারে তাদের মনোযোগ থাকে না। রীমার ক্ষেত্রেও তাই হয়েছে। এভাবে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু কখনও মেনে নেয়া যায় না। রীমার নবজাতক কন্যা সুস্থ আছে বলেও তিনি জানান।

এদিকে রীমার স্বজন ও ক্লিনিকে উপস্থিত অন্যান্য রোগীর সঙ্গে থাকা লোকজন ডাক্তারের অবহেলা ও ভুল চিকিৎসায় প্রসূতির এমন মৃত্যুর খবরে উত্তেজিত হয়ে পড়েন। তারা সার্জিস্কোপের দুটি ইউনিটেই ভাংচুর করেন এবং দায়ী ডাক্তারের বিচারের দাবিতে স্লোগান দেন।

এসব বিষয়ে জানতে সার্জিস্কোপ ক্লিনিক ও সংশ্লিষ্ট ডাক্তারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি।

পারিবারিক সূত্র জানায়, প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ছোট ভাই খাইরুল বশরের মেয়ে রীমার সঙ্গে অস্ট্রেলিয়া প্রবাসী আবদুল্লাহ আল মামুনের বিয়ে হয় বছর দেড়েক আগে। আবদুল্লাহ আল মামুনের বাড়ি রাঙ্গুনিয়ায়। সন্তান প্রসবের সময় স্ত্রীর মৃত্যুর খবর শুনে মামুন রোববার রাতেই অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *