বুধবার ৪ নভেম্বর ২০২৬

গল্প চোর পরিচালক মুরাদের বিরুদ্ধে কলকাতা থেকে শীর্ষেন্দু’র চিঠি

ssssssসৈয়দ মুস্তফা সিরাজের ‘গাছটি বলেছিল’র গল্প চুরি করে ‘বৃহন্নলা’ চলচ্চিত্র নির্মাণের অভিযোগে ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তির প্রেক্ষিতে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বরাবর একটি চিঠি পাঠিয়েছে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও দেবেশ রায়। এছাড়া সৈয়দ মুস্তফা সিরাজ একাডেমির সচিব সৈয়দ হাসমত জালালও একটি চিঠি দিয়েছেন ।

২০১০-১১ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত এবং সদ্য ঘোষিত ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪’ তে সেরা ছবি নির্বাচিত হওয়ার পরপরই ‘বৃহন্নলা’র বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠে। যার প্রেক্ষিতে ছবির পরিচালক মুরাদ পারভেজকে শোকজ নোটিশ পাঠায় তথ্য মন্ত্রণালয়। তারপর সবকিছুই যেন থেমে যায়। কিন্তু নতুন করে বিষয়টি আবারো আলোচনা শুরু হয়েছে।

পশ্চিমবঙ্গের প্রয়াত সাহিত্যিক সৈয়দ মুস্তফা সিরাজের ছোট গল্প ‘গাছটি বলেছিল’ চুরি করে ‘বৃহন্নলা’ চলচ্চিত্র নির্মাণ ও নিজেকে কাহিনীকার হিসেবে দাবি করায় পরিচালক মুরাদ পারভেজের বিরুদ্ধে দু’টি লিখিত অভিযোগপত্র গত ১৫ মার্চ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বরাবর প্রেরণ করা হয়েছে।

সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও দেবেশ রায়ের স্বাক্ষরকৃত একটি চিঠিতে অভিযোগ করে লেখা হয়, ‘আমরা সবিস্ময়ে লক্ষ করলাম ‘বৃহন্নলা’ চলচ্চিত্রের কাহিনীটি পশ্চিমবঙ্গের প্রয়াত কথা সাহিত্যিক সৈয়দ মুস্তফা সিরাজের ‘গাছটি বলেছিল’ গল্প থেকে সম্পূর্ণ আত্মসাৎ করা হয়েছে। এমন কী ‘বৃহন্নলা’ নামটিও নেয়া হয়েছে ওই গল্প থেকেই। অথচ চলচ্চিত্রের মূল কাহিনীটি যে সৈয়দ মুস্তফা সিরাজের লেখা, সে কথা উল্লেখ করা হয়নি বা কোনও ঋণ স্বীকার করা হয়নি। তাই বিষয়টি আপনার (তথ্য মন্ত্রীর) নজরে আনার জন্যই আমাদের এই চিঠি।’

sssচিঠিতে আরো লেখা হয়, ‘আমরা মনে করি, এ ধরণের কুম্ভীলকবৃত্তিকে জাতীয় পর্যায়ে সম্মানিত করা হলে তা যেমন বাংলাদেশের পক্ষে গৌরবের বিষয় হবে না, তেমনই দুই বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রেও তা অনভিপ্রেত।’

চিঠির শেষাংশে তথ্য মন্ত্রীর প্রতি দাবি জানিয়ে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গের সাহিত্যিক-কবি-চলচ্চিত্র নির্মাতা ও অন্যান্য সৃজনশীল মানুষের পক্ষে আমরা চাই, ‘বৃহন্নলা’ চলচ্চিত্রের প্রকৃত কাহিনীকার সৈয়দ মুস্তফা সিরাজ, এই তথ্যটি ওই চলচ্চিত্রে উল্লেখ করা হোক এবং কাহিনী স্বত্ব হিসেবে প্রয়াত সৈয়দ মুস্তফা সিরাজের পরিবারকে ভারতীয় দেড় লাখ রূপি দেয়া হোক।’

অন্যদিকে সৈয়দ মুস্তফা সিরাজ একাডেমির পক্ষে সৈয়দ হাসমত জালাল স্বাক্ষরকৃত চিঠিতে অভিযোগ করে লেখা হয়, ‘আপনাদের অবগতির জন্য  জানাই, এই চলচ্চিত্রের কাহিনী প্রখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ মুস্তফা সিরাজের ‘গাছটি বলেছিল’ গল্প থেকে সম্পূর্ণই নেয়া হয়েছে। অথচ চলচ্চিত্রের কোথাও সে কথা স্বীকার করা হয়নি।’

চিঠির শেষাংশে লেখা হয়, ‘সৈয়দ মুস্তফা সিরাজ একাডেমির পক্ষ থেকে আমরা চাই ‘বৃহন্নলা’ চলচ্চিত্রের মূল কাহিনীকার হিসেবে সৈয়দ মুস্তফা সিরাজের নাম ওই চলচ্চিত্রে উল্লেখ করা হোক এবং কাহিনীর স্বত্ব হিসেবে প্রয়াত সৈয়দ মুস্তফা সিরাজের পরিবারকে ভারতীয় দেড় লাখ রুপি দেয়া হোক।’

উল্লেখ্য, দুটি চিঠিতেই ছবির কাহিনীকার হিসেবে সৈয়দ মুস্তফা সিরাজের নাম ঘোষণা ও তার পরিবারকে ভারতীয় দেড় লাখ রুপি দেয়ার দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *