মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

যা না করলে কলকাতায় প্রেম জমে না

Kolkata-Loveকলকাতায় প্রেম করতে হলে কয়েকটি জিনিস যদি না করে থাকেন তবে সে প্রেম বৃথা।

১) প্রেম কতটা এগোবে, কালকেই ব্রেক-আপ হয়ে যাবে কি না, তা কেউ বলতে পারে না। কিন্তু তা বলে কলকাতায় প্রেম করেছেন অথচ একবারও ভিক্টোরিয়া ভিজিট করেননি এমনটা হতেই পারে না। কে বলে ভিক্টোরিয়ায় লোকে শুধু ঝোপের আড়াল খোঁজে? একটা দারুণ মিউজিয়াম কিন্তু এই মেমোরিয়াল। হাতে হাত রেখে সেটা ঘুরে দেখেছেন কখনও?

২) কলকাতায় প্রেম মানেই একবার না একবার ময়দানে যেতেই হবে বিকেলের দিকে। বাংলা সিনেমার মতো বৃষ্টিতে ভিজতে হবে না। কিন্তু, ঘাসে বসে দু’জনে লেবু চা খেতে খেতে প্রেম নিয়ে দুনিয়ার দার্শনিক ভাবনা না-ভাবলে কলকাতায় প্রেম সম্পূর্ণ হয় না।

৩) সিলেবাস ছাড়া দু’জনে কোনওদিন একটাও বই পড়েননি? তাতে কিচ্ছু যায় আসে না। প্রেম করতে একবার না একবার বইমেলায় যেতেই হবে। ফোয়ারার পাশে দু’টি কফি নিয়ে নিরন্তর দেখে যান বইপাগলদের ভিড় আর ভাবুন আপনারা অন্যদের চেয়ে কতটা আলাদা।

৪) কলকাতায় রুচিশীল প্রেমিক-প্রেমিকা মানেই ফিল্ম ফেস্টিভ্যাল এবং থিয়েটার ফেস্টিভ্যালের সময় সাজুগুজু করে, হাতে হাত ধরে ঘুরে বেড়াতেই হবে। নাহলে বন্ধুবান্ধবরা কী বলবে??

৫) শুধু কলকাতায় কেন, হাওড়া-হুগলি-২৪ পরগণায় খুব কম প্রেমিক-প্রেমিকাই আছেন যাঁরা একবারও কফি হাউস যাননি। কফি কম, কথা বেশি। তবেই জমবে প্রেম!

৬) গঙ্গার ধারে সারি সারি যাঁরা ছাতার আড়ালে একটি চুম্বনের জন্য সারাদিন বসে থাকেন, তাঁদের দলে নাম না লেখালেও চলবে, কিন্তু গঙ্গার পাড়ে একটি বিকেল না কাটালে কলকাতায় প্রেম করে কী লাভ?

৭) শীতের বেলায় একদিন বিকেল বিকেল বেরিয়ে ধর্মতলা থেকে খিদিরপুরগামী ট্রামে উঠে পড়ুন। তার পর আবার ফিরতি পথ। মাঝখানে কথার ফোয়ারা ছুটিয়ে দিন। সময় অনন্ত। আর ফেরার সময়ে অন্ধকার ময়দানের গা ঘেঁষে যখন ট্রাম ছুটবে, তখন বুঝবেন কলকাতা কেন সত্যিই তিলোত্তমা।

৮) গরমকালে কী করবেন? খুব সোজা। মেট্রোরেলে আপ অ্যান্ড ডাউন করুন। অনেকটা সময় পাতালে থাকার ছোট্ট টিপ। দু’টি স্টেশন পর পর নেমে পড়ে আবার উলটোদিকের ট্রেন ধরুন। গত ২০ বছর ধরে এটাই কলকাতার প্রেম!
– আনন্দবাজারের ট্যাবলয়েড এবেলা অবলম্বনে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *