জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান। চ্যানেল আইয়ের সেরা কণ্ঠ থেকে তার উঠে আসা। নতুন এ ভিডিও নিয়ে তিনি উচ্ছ্বসিত। নাম ‘ফিরে আসো না’। এটি একটি ভৌতিক ভিডিও, যা দর্শকদের মজাও দিচ্ছে। ইউটিউব রেকর্ড তা-ই বলছে।
কিন্তু পুরো ভিডিওটি মেরে দেওয়া! রাশিয়ান শিল্পী এলভিরা টি’র জনপ্রিয় গান ‘ভিসিও রেশেনো’র (Все решено, ইংরেজিতে All Agreed) ভিডিও কপি করা হয়েছে ইমরানের ব্যয়বহুল মিউজিক ভিডিওতে। ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশ হওয়া গানটি দেখা হয়েছে আড়াই কোটিবারের বেশি। রাশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশে টপ চার্টে স্থান করে নেওয়া ‘ভিসিও রেশেনো’ এলভিরাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দেয়। তার রেশ বাংলাদেশি ভিডিওতে হাতে-কলমে ধরা পড়ল।
ভিডিওতে বাংলাদেশি নির্মাতা সৃজনশীলতারও পরিচয় দিয়েছেন। মূল গানে মৃতদেহই গাইছেন গান, অর্থাৎ অপার্থিব জগৎ থেকে পার্থিব বিষয়াদি নিয়ে কথা বলছে। ফলে বদলে গেছে দুনিয়াকে দেখার বাস্তবতা। আর বাংলায় গাইছেন ওই নারীর প্রেমিক। মূল ভিডিওর বিষয়াদি মৃত ব্যক্তির চোখে দেখা, নকলটি জীবিত (না জীবন্মৃত) ব্যক্তির চোখে দেখা। মূল গানে পায়ে মোজা পরানো হয়, বাংলায় হাতে— বড় ধরনের পার্থক্য বলতেই হবে! মূল ভিডিওতে জামার দুপাশের ফিতা খোলা হয়, বাংলায় একপাশে!
‘ফিরে আসো না’ ভিডিওতে ইমরানের সঙ্গে মডেল হয়েছেন পিয়া বিপাশা। গানটি লিখেছেন স্নেহাশিষ ঘোষ এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন ইমরান। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। ২৮ এপ্রিল প্রকাশ হওয়ার পর ইউটিউবে দেখা হয়েছে ৭৭ হাজারবারের বেশি।



Leave a Reply