বুধবার ৪ নভেম্বর ২০২৬

মন্দিরের সেবককে কুপিয়ে জখম

satkhira_Mondir-সাতক্ষীরার আশাশুনির কামালকাটি ইসকন মন্দিরের সেবক পংকজ সরকারকে ( ৫৭ ) ঘুমন্ত অবস্থায় কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার মধ্যরাতে নিজের চিংড়ির ঘেরে এ ঘটনা ঘটে। পরে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পংকজ স্থানীয় কামালকাটি গ্রামের কালিপদ সরকারের ছেলে ও ওই গ্রামের শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর নামহট্ট ইসকন মন্দিরের সেবক।

আহত পংকজ সরকারের চাচাতো ভাই সমীরণ সরকার জানান, অন্য দিনের মতো বৃহস্পতিবার রাতে বাড়ির পাশে চিংড়ির ঘের পাহারা দিতে সেখানে ঘুমিয়ে ছিলেন পংকজ।

এ সময় দেবহাটার জিয়াউর রহমান ওরফে আফগান জিয়ার নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করে। পংকজের আর্তচিৎকারে লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়।

জিয়া এলাকায় জামায়াত নেতা বলে পরিচিত। দীর্ঘদিন তিনি পংকজের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। এই টাকা না পেয়ে হামলা করেছে বলে দাবি করেন সমীরণ।

এর আগে জিয়া তাকে ভয় দেখিয়ে দুদফায় চাঁদা আদায় করেছেন বলেও জানান তিনি।

মন্দিরের সভাপতি কলেজ শিক্ষক দেবাশীষ গাইন বলেন, ‘পংকজকে ভয় দেখিয়ে দুর্বৃত্তরা প্রায়ই চাঁদা আদায় করে। এবার বেশি অংকের টাকা চাওয়ায় তা দিতে তিনি অস্বীকার করেন।’

আশাশুনি থানার ওসি আসাদুজ্জামান মুন্সি জানান, ‘এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *