‘মাছরাঙা টিভির সংবাদ উপস্থাপিকা সাবিনা নিপা অপহৃত হননি। পুলিশ, সাংবাদিক এবং সহকর্মী ও সাধারণ মানুষকে বোকা বানিয়েছে নিপা।’- এভাবেই বলেছেন তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার এসআই হুমায়ুন কবীর।
এসআই হুমায়ুন কবীর রোববার দুপুরে নিউজওয়ার্ল্ডবিডি ডট কম-কে বলেন, নিপা অপহরণের পর থেকে তাকে খোঁজা হচ্ছে। নিপার অভিযোগের ভিত্তিতে তার দেওয়া মোবাইল নম্বরটি যাচাই করে দেখা হয়েছে। আমরা নিশ্চিত হয়েছি তাকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি।
তিনি বলেন, আমি তদন্তের এক পর্যায়ে প্রায় শতভাগ নিশ্চিত হয়েছি সে নিজে ইচ্ছে করেই নিখোঁজ হয়েছে। এছাড়া তার স্বামী রুহুল আমিনের সঙ্গে তার সম্পর্ক খারাপ থাকায় তার উপর দায় চাপানোর চেষ্টা করেছে নিপা।
নিপার কথা উল্লেখ করে তিনি বলেন, নিপা এর আগেও একবার ইচ্ছা করে নিখোঁজ হয়ে অপহরণের নাটক সাজিয়েছিল। তাই একজন তদন্ত কর্মকর্তা হিসেবে আমি মনে করি আবারো তার পক্ষে এ কাজ করা অসম্ভব নয়।
তবে এখন পর্যন্ত নিপা ও তার স্বামী রুহুলকে খুঁজতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই তদন্ত কর্মকর্তা।
জানা গেছে, নিপা রাজধানীতে এসে বাবু নামে এক তরুণকে বিয়ে করেছিলেন। এটিই ছিল নিপার প্রথম বিয়ে। প্রথম বিয়ের পর নিপা বেশ কিছুদিন মিডিয়াতে মডেল হিসেবে কাজ করেন। পরে ২০০৮ সালে একটি টিভি চ্যানেলের বাণিজ্যিক বিভাগে কর্মরত এক তরুণকে বিয়ে করেন। ২০১৪ সালে তাদের দাম্পত্য জীবন শেষ হয়। ডিভোর্সের ৫ মাসের মাথায় ৬০ বছর বয়সী ব্যবসায়ী হাজি রুহুল আমিনকে বিয়ে করেন। এটি ছিল নিপার তৃতীয় বিয়ে।
পুলিশের প্রাথমিক তদন্তে নিপা ও তার স্বামীর একাধিক বিয়ের খবর পাওয়া গেছে। নিপার পারিবারিক জীবন নিয়ে ঝামেলা চলছিল। সর্বশেষ বিয়েতে নিপা তার স্বামী রুহুল আমিনের কাছ থেকে একটি ফ্ল্যাট নিয়েছেন। কিন্তু এ সংসারও ভালো যাচ্ছিল না। এ ঘটনার পর থেকে রুহুল আমিন নিজেকেও রহস্যজনকভাবে আড়াল করে রেখেছেন।
নিপার ভাই কাজী রাকিব উদ্দিনের দাবি, নিপার সঙ্গে স্বামী রুহুল আমিনের দাম্পত্য কলহ চলছিল। রুহুল নিপাকে মোবাইল ফোনে হুমকি দিচ্ছিলেন।এ জন্য গুলশান থানায় এসে মঙ্গলবার রাতে জিডিও করে গেছেন নিপা। ফেরার পথেই তিনি অপহৃত হন। এরপর থেকে নিপার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়।
প্রসঙ্গত, গুলশান থানায় মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে স্বামী রুহুল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করে ফেরার পথে তেজগাঁও শিল্পাঞ্চল থানার আড়ংয়ের সামনে থেকে ‘অপহরণের’ শিকার হন নিপা। নিপার অপহরণের বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি জিডি করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা।



Leave a Reply