বুধবার ৪ নভেম্বর ২০২৬

মানহানি ও রাষ্ট্রদ্রোহের আরো ১০ মামলায় মাহফুজ আনামের জামিন

mahfuz-anamমানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে দেশের বিভিন্ন জেলায় দায়ের করা আরও ১০ মামলায় ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনামকে আট সপ্তাহের জামিন দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মো. আতাউর রহমান খানের গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মাহফুজ আনামের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ।

এর আগে গত ০৩ এপ্রিল বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মাহফুজ আনামকে ৬৬ মামলায় আগাম জামিন দেন।

উল্লেখ্য, সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশের শীর্ষ রাজনীতিকদের বিরুদ্ধে দুর্নীতির অসংখ্য মামলা হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বহু রাজনীতিককে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী। সে সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই শেখ হাসিনার বিরুদ্ধে ‘দুর্নীতির খবর’ সরবরাহ করেছিল জানিয়ে গত ০৬ ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় মাহফুজ আনাম বলেন, যাচাই না করে তা প্রকাশ করা ছিল ‘বিরাট ভুল’। তার ওই স্বীকারোক্তির পর ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন আদালতে ৮২টি মামলা হয়।

এসব মামলার বাদীদের অধিকাংশই ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গসহযোগী ও সমমনা সংগঠনের নেতাকর্মী। ৮২ মামলার মধ্যে ৬টি মামলায় বিচারিক আদালত থেকে জামিন নিয়েছেন মাহফুজ আনাম।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *