বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘রিকশা পেইন্টিং’ প্রিজমা ‘ভাইরাসে’ আক্রান্ত বাংলাদেশ!

PRISMA Cultureসামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্প্রতি নতুন ট্রেন্ড চালু হয়েছে। তার নাম প্রিজমা। নিজেরসহ বিভিন্ন ছবিকে সবাই এমনভাবে পাল্টে ফেলছেন যেন দেখলে মনে হবে কোনো শিল্পীর তুলিতে আঁকা।

অ্যাপটি শুধু অ্যাপলের আইওএস ব্যবহারকারীর জন্য হওয়ায় অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে একধরনের ক্ষোভ দেখা যায়। অনেকে আবার এটাকে ‘ভাইরাস’ হিসেবে উল্লেখ করেন, যা ভাইরাসের মতোই দ্রুত ছড়িয়ে পড়ছে। মজা করতেও ছাড়েননি অনেকে।

ফেসবুকে কেউ কেউ মজা করে লিখছেন, সেই আশির দশক থেকেই বাংলাদেশে প্রিজমা ইফেক্ট চলে আসছে। কারণ, রিকশাচিত্রের ধরনটাও এমনই। অনেকে বলছেন, ভালো ছবি নষ্ট করে ফেলছে প্রিজমা অ্যাপ।

প্রিজমা নামের একটি অ্যাপ সেই কাজটিই করে দিচ্ছে। রাশিয়ায় নির্মিত অ্যাপটি খুব অল্প সময়েই বেশ জনপ্রিয়তা পেয়েছে।

৭৫ লাখের বেশিবার নামানো এই অ্যাপ প্রতিদিন ব্যবহার করছে প্রায় ১৫ লাখ ব্যবহারকারী। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের নিউজফিডেও দেখা যায় ‘প্রিজমা ইফেক্ট’।

গত জুন মাসে এই অ্যাপটি মুক্তি পেলেও মাত্র একমাসের মাথায় এর জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে। ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রিজমার ফিল্টার যুক্ত ছবি দেখা এখন পরিণত হয়েছে স্বাভাবিক ঘটনায়।

ছবিকে নতুন রূপ দিতে নানা ধরনের ফিল্টার বা প্লাগ-ইন যোগ করা নতুন কিছু নয়। ফটো এডিটর বিভিন্ন অ্যাপ এই কাজ অনেকদিন ধরেই করে যাচ্ছে। তবে প্রিজমা অন্যান্য অ্যাপ থেকে আলাদা। এর বৈশিষ্ট্য হচ্ছে প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যবহারকারীর ফিল্টারিংয়ের কাজটি অ্যাপটি সারছে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে।

ইন্সটাগ্রামের ন্যায় অন্যান্য ফিল্টারিং অ্যাপের মতো প্রিজমা মূল ছবির ওপর ফিল্টার লেয়ার যুক্ত করে না। বরং প্রিজমা তার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে একাধিক লেয়ার ব্যবহার করে ছবিটি নতুন করে আঁকে।

অ্যাপটির মাধ্যমে সদ্য তোলা কিংবা গ্যালারিতে জমে থাকা ছবিকে ব্যবহারকারীরা ৩৩ ধরনের ইফেক্ট যোগ করতে পারবেন। ইম্প্রেশন, মোজাইক, গোথিকসহ নানা ফিল্টারের মাধ্যমে সেই আদলে ছবিকে পাল্টে ফেলা যাবে। অবশ্য ফিল্টারের এই তালিকা আরো লম্বা হওয়ার আভাস দিয়েছে প্রিজমা।

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে অ্যাপটির একটি পরীক্ষামূলক অ্যান্ড্রয়েড সংস্করণ প্রকাশ করে রাশিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি। তবে প্রকাশেরই পরপরই তা বন্ধ করে প্রিজমা এআইয়ের ফেসবুক পাতায় লেখা হয়, পরীক্ষা-নিরীক্ষার জন্য প্রয়োজনীয় তথ্য তারা সংগ্রহ করেছে। এই মাসের শেষ নাগাদ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য প্রিজমার একটি পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশ করা হবে।

ব্যবহারকারীদের তালিকায় সাধারণ মানুষ তো বটেই, আছেন বলিউড-হলিউডের তারকারাও। এদিকে আলবার্ট আইনস্টাইনের পাতা থেকেও তাঁর একটি ছবি প্রিজমা অ্যাপে ইফেক্ট দিয়ে প্রকাশ করা হয়। প্রিজমা অ্যাপের মাধ্যমে স্মার্টফোন বা ট্যাবলেটে ছবি তুলে চিত্রকর্মে পরিণত করে। ছবি বিশ্লেষণ করতে ব্যবহার করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা।

টেক ক্রাঞ্চকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মইসিকোভ বলেন, ‘একজন চিত্রশিল্পী যেভাবে আপনাকে দেখে কিংবা ছবি দেখে ছবি আঁকেন, আমরা সেভাবে ছবি তৈরি করি।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *