‘আপত্তিজনক সংবাদ প্রকাশ করার’ অভিযোগে ৩৫টি সংবাদভিত্তিক নিউজ পোর্টাল ও ওয়েবসাইট বাংলাদেশ থেকে দেখা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার ৪ আগস্ট বিকেলের দিকে এসব ওয়েবসাইট বন্ধের জন্য ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের প্রতি নির্দেশনা দেয় বিটিআরসি।
বন্ধের তালিকায় আমারদেশ অনলাইন, শীর্ষনিউজসহ বেশ কয়েকটি অনলাইন সংবাদপত্র রয়েছে।
বৃহস্পতিবার রাতে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সাংবাদিকদের বলেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে ৩৫টি ওয়েব পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। এ ব্যাপারে ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটরদের বলা হয়েছে।
নাম প্রকাশ অনিচ্ছুক একাধিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) অপারেটর বৃহস্পতিবার রাতে বলেন, বিটিআরসির ‘নির্দেশনা পেয়ে’ তারা ৩৫টি ওয়েবসাইট বন্ধ করে দিয়েছেন।
বন্ধ অন্য ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে- আরটিনিউজ২৪, হককথা, আমরা বিএনপি, রিয়েল-টাইম নিউজ, বিনেশন২৪, নেশন নিউজ বিডি, ভোরের আলাপ, বাংলাপোস্ট২৪, ডেইলি টাইমস২৪, মাইনিউজ বিডি, লাইভ খবর, রিখান, নেচারের ডাক, সিলেট ভয়েস২৪, সময় বাংলা, প্রথম-নিউজ, বাংলা লেটেস্ট নিউজ, বিডি মনিটর, বিডিআপডেট নিউজ২৪, নিউজ ডেইলি২৪বিডি, অন্যজগত২৪, দেশ-বিডি, ক্রাইমবিডিনিউজ২৪, নতুন সকাল, শীর্ষখবর, দিনকালঅনলাইন, সারাবাংলা, পার্স টুডে, উইকলি সোনারবাংলা, ২৪বাংলানিউজ ব্লগ।
বাংলাদেশে ২৭টি ইন্টারনেট গেটওয়ে বা সংক্ষেপে আইআইজি’র মাধ্যমে দেশের প্রায় ৫ কোটি ইন্টারনেট গ্রাহক ইন্টারনেট সেবা পেয়ে থাকেন। সরকারের সাবমেরিন কোম্পানি লিমিটেডের কাছে ব্যান্ডউইথ কিনে আইআইজির মাধ্যমেই দেশের ৪৯০টি আইএসপি প্রতিষ্ঠান ও মোবাইল কোম্পানিগুলো গ্রাহকদের ঘরে ঘরে ইন্টারনেট সেবা দিয়ে থাকে। তাই আইআইজিগুলোকে কোনো ওয়েবসাইটের ইউআরএল ব্লক করা হলে তা বাংলাদেশ থেকে স্বাভাবিকভাবে দেখার কোনো সুযোগ নেই।
প্রসঙ্গত, অনলাইন নীতিমালার আলোকে সরকার অনলাইন সংবাদপত্রগুলোর নিবন্ধনের উদ্যোগ নিয়েছে। সেই ডাকে সারা দিয়ে ১ হাজার ৭১৭টি আবেদন তথ্য অধিদপ্তরে জমা পড়ে।



Leave a Reply