ঝোড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজারে চারটি মাছধরার ট্রলারের ৭২ জন জেলে নিখোঁজ হয়েছেন।
কক্সবাজার ফিশিং বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান বলেন, দীর্ঘ প্রায় তিন মাস পর ১৮ আগস্ট থেকে জেলেরা গভীর সাগরে যান। কিন্তু এর পরদিন থেকে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ৭২ জন জেলে নিয়ে চারটি ট্রলার নিখোঁজ হয়। এর মধ্যে ইঞ্জিন বিকল হয়ে দুটি ট্রলার ভারতে ভিড়েছে বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে অনুসন্ধান চলছে।
মহেশখালী থানার পুলিশ জানায়, ২২ আগস্ট রাতে গভীর সাগর থেকে কক্সবাজারে ফেরার পথে মহেশখালীর কুতুবজোম এলাকার নুরুল কবিরের একটি ট্রলার নিখোঁজ হয়। ওই ট্রলারে জেলে ছিলেন ১৬ জন। ওই রাতে ট্রলারের মালিক মহেশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ জেলেরা হলেন আবদুশ শুক্কুর, মোহাম্মদ হোছন, মো. জোনাইদ, সোনামিয়া, শাহজাহান, আমান উল্লাহ, মধুমিয়া, আলতাজ মিয়া, শাহআলম, মিজান, শওকত ওসমান, ছৈয়দ করিম, আকতার কামাল, রাসেল, রুবেল ও মোকারম হোসেন। তাঁরা মহেশখালীর খোন্দকারপাড়া, কামিতারপাড়া ও মেহেরিয়াপাড়া এবং কক্সবাজার পৌরসভার টেকপাড়ার বাসিন্দা।
ট্রলারের মালিক নুরুল কবির বলেন, ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ডুবে গেছে কি না, সে ব্যাপারে অনুসন্ধান চলছে। গতকাল বিকেল পর্যন্ত নিখোঁজ জেলেদের সন্ধান মেলেনি। নিখোঁজ জেলেদের মধ্যে তাঁর এক ভাই ও এক ভগ্নিপতি রয়েছেন।
বোট মালিক সমিতি সূত্র জানায়, ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ৪০ জন জেলেসহ দুটি ট্রলার ভারত উপকূলে ভিড়েছে। একটি ট্রলারের মালিক কক্সবাজার শহরের ৬ নম্বর জেটিঘাট এলাকার আবদুল কাইয়ুম সওদাগর, অপরটির মালিক কক্সবাজার পৌরসভার এসএম পাড়ার সিরাজ মিয়া।
ট্রলারের মালিক সিরাজ মিয়া ও আবদুল কাইয়ুম বলেন, ৪০ জন জেলে নিয়ে ট্রলার দুটি ভারতে আছে বলে শোনা যাচ্ছে। সেখানে লোক পাঠানোর চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গভীর সাগরে মাছ ধরতে গিয়ে তিন দিন ধরে নিখোঁজ আছেন কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ এলাকার ছাবের আহমদের একটি ট্রলারের ১৬ জন জেলে।
ট্রলারের মালিক ছাবের আহমদ বলেন, একাধিক ট্রলার নিয়ে সাগরের বিভিন্ন উপকূলে তল্লাশি চালিয়েও নিখোঁজ জেলেদের সন্ধান মিলছে না।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই বলেন, নিম্নচাপের প্রভাবে সাগর প্রচণ্ড উত্তাল। এ সময় সাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটছে। নিখোঁজ হচ্ছেন জেলেরা। এ ব্যাপারে ট্রলারের মালিক ও জেলেদের সতর্ক থাকা প্রয়োজন। তিনি বলেন, উত্তাল সাগর থেকে জেলেদের উদ্ধার করার মতো আধুনিক নৌযান পুলিশের নেই।
ট্রলারের মালিক ও জেলেরা জানান, গত ২১ আগস্ট ঝোড়ো হাওয়ার কবলে পড়ে মহেশখালীর সোনাদিয়া সাগর চ্যানেলে একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এরপর পুলিশ ওই ট্রলারের ভেতর থেকে ছয়জন জেলের লাশ উদ্ধার করে। ওই ঘটনায় এক জেলে এখনো নিখোঁজ।



Leave a Reply