৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় মোবাইল ফোন, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, বই-পুস্তক ও ব্যাগের পর এবার ঘড়ি নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে এসব ডিভাইস পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থিতা বাতিল করে ভবিষ্যতে পিএসসির সব নিয়োগ পরীক্ষায় অযোগ্য ঘোষণা করা হবে।
আরো বলা হয়, বিসিএসের লিখিত পরীক্ষায় হাত ঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ি ব্যবহার কমিশন নিষিদ্ধ করেছে। পরীক্ষার হলে সময় জানার জন্য প্রত্যেক পরীক্ষা কক্ষে প্রয়োজনীয় সংখ্যক দেয়াল ঘড়ি থাকবে।
আগামী ৪ঠা সেপ্টেম্বরের গাণিতিক যুক্তি পরীক্ষার দিন সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে জানিয়ে কমিশন বলছে গণিত, ফলিত গণিত, পদার্থবিদ্যা, ফলিত পদার্থবিদ্যা, পরিসংখ্যান, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, পুরকৌশল, তড়িৎকৌশল, যন্ত্রকৌশল, ইলেকট্রনিক্স এবং অন্য ইঞ্জিনিয়ারিং বিষয়ের পরীক্ষার দিন সাইন্টিফিক ক্যালকুলেটর (নন-প্রোগ্রামেবল) ব্যবহার করা যাবে।
উল্লিখিত বিষয়ের পরীক্ষা ছাড়া অন্য পরীক্ষার দিন কোনো প্রার্থীর কাছে ক্যালকুলেটর পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করে কমিশনের সব পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করা হবে।
আগামী ১ থেকে ৬ই সেপ্টেম্বর পর্যন্ত ৩৬তম বিসিএসের আবশ্যিক এবং ৫ অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর কেন্দ্রে একযোগে ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে।
পরীক্ষা শুরুর ১৫ মিনিট পর কোনো প্রার্থীকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না বলেও জানিয়েছে পিএসসি।



Leave a Reply