ছাত্রীর গায়ে হাত দেয়ার অপরাধে স্কুলের প্রধান শিক্ষককে গণধোলাই দিয়েছেন অভিভাবকরা। বৃহস্পতিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার শিলিগুড়ি শহরের এনজেপি রেলওয়ে গার্লস প্রাইমারি স্কুলে এ ঘটনা ঘটে।
এসময় শিক্ষকও অভিভাবকদের ওপর চড়াও হলে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারধর হয়। শিক্ষার্থীদের সামনেই ওই শিক্ষক-অভিভাবকদের মধ্যে মারামারি হয়।
অভিযোগ উঠেছে, শিলিগুড়ির এনজেপি রেলওয়ে গার্লস প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্রীর গায়ে হাত দেন স্কুলের প্রধান শিক্ষক ছট্টু হাসদা। তার সঙ্গে প্রায়ই অশালীন ব্যবহার করতেন তিনি। কিন্তু বাড়িতে বলে দিলে স্কুল থেকে তাড়িয়ে দেয়ার হুমকিও দিতেন ওই শিক্ষক। তবুও বুধবার বাড়িতে গিয়ে ওই ছাত্রী তার মাকে সব জানালে আজ সকালে স্কুলের অন্যান্য অভিভাবকেরা জড়ো হন। স্কুল চলাকালীন ওই অভিযুক্ত শিক্ষকের কাছে যান তারা।
এসময় ওই শিক্ষক জানান, পড়া না পারায় তিনি ছাত্রীর গায়ে হাত দিয়েছিলেন। এরপর উপস্থিত অভিভাবকরা প্রধান শিক্ষককে মারধর শুরু করেন। পরে ওই শিক্ষকও পাল্টা মারধর করেন। পরে এনজেপি থানার পুলিশ এসে ওই শিক্ষককে থানায় নিয়ে যান। অভিভাবকদের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তবে সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ওই শিক্ষক।
https://youtu.be/Zt0wwAt97BQ



Leave a Reply