বোমার আতঙ্কে ওড়েনি ভারতের একটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার সকালে কলকাতার নেতাজি সুভাস চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ সকাল ৮টা ২০ মিনিটে বিমানবন্দরের চেক-ইন কাউন্টারে এক নারী ফোন করে বোমার কথা বলেন। ওই নারী বলেছিলেন, কলকাতা থেকে গুয়াহাটিগামী ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা রাখা আছে।
সকাল সাড়ে ৯টার সময় ১১৪ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে গুয়াহাটিগামী বিমানটির উড্ডয়নের কথা ছিল।
দ্রুত বিমানবন্দর কর্তৃপক্ষ গুয়াহাটিগামী ফ্লাইটটিতে যাত্রী ওঠানো বন্ধ করেন। বিমানটিকেও আলাদা করে ফেলা হয়। পরে ওই বিমানে বোমার সন্ধানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর বিশেষ দল।
বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ সিআইএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম ডিএনএ ইন্ডিয়া বলেন, বিমানটি সঙ্গে সঙ্গেই খালি করে আলাদা রাখা হয়। বিমানটিতে অনুসন্ধান চালিয়ে এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি।
কলকাতা বিমানবন্দর এবং এর আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে।
পশ্চিমবঙ্গের বিধাননগর পুলিশ জানিয়েছে, বিমানবন্দরে ফোন করা নারীকে শনাক্ত করা হয়েছে। তিনি রাজারহাট এলাকার বাসিন্দা।
এর আগে গত রোববার ভোরে জম্মু-কাশ্মীরের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী উরি এলাকার একটি সেনা ব্রিগেডের সদর দপ্তরে হামলা হয়। এতে ১৭ সেনা ও চার হামলাকারী নিহত হন। এ ছাড়া এ ঘটনায় আহত ৩৫ সেনাকে সামরিক বাহিনীর হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়। ওই ঘটনার পর থেকেই ভারতজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।



Leave a Reply