বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোরশেদ খান ও তার স্ত্রী-পুত্রকে আত্মসমর্পণের নির্দেশ

morshedদুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ পাচার মামলায় বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানকে ৬ সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে আগে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহমান ও বিচারপতি জে বি এম হাসানের দ্বৈত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ের কপি পাওয়ার ৬ সপ্তাহের মধ্যে মোরশেদ খান ও তার স্ত্রী-পুত্রকে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে তারা আত্মসমর্পণ করলে বিচারিক আদালতকে তাদের জামিনের বিষয়ে বিবেচনা করতে বলা হয়েছে।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। অপরদিকে মোরশেদ খানের পক্ষে ছিলেন  সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।

মামলার বিবরণীতে জানা যায়, মানি লন্ডারিং নিয়ন্ত্রণ আইনে ২০১৩ সালে দুর্নীতি দমন কমিশন মোরশেদ খান, তার স্ত্রী নাসরিন খান ও ছেলে ফয়সাল মোরশেদ খানের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় ২০১৫ সালের জুলাই মাসে দুদক চূড়ান্ত প্রতিবেদন দেয়।

চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, ওই ঘটনায় কোনো মানি লন্ডারিং হয়নি। ওই চূড়ান্ত প্রতিবেদন চলতি বছর ১৫ এপ্রিল বিচারিক আদালত গ্রহণ করলে মোরশেদ খান, নাসরিন খান ও ফয়সাল মোরশেদ খান অভিযোগ থেকে অব্যাহতি পান।

তবে এই মামলা পুনঃতদন্তের জন্য বিচারিক আদালতের আবেদন করে দুদক। ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালত গত ২ জুন দুটি আবেদনই খারিজ করে দেয়। নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে রিভিশন আবেদন করে।

সেই আবেদনের প্রেক্ষিতে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের আদেশ কেন বাতিল এবং মামলাটি ফের তদন্তের নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে গত ৫ জুন রুল জারি করে হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে মোরশেদ খানসহ তিনজনকে রুলের জবাব দিতে বলা হয়েছিল। ওই সময় তাদের হংকংয়ের স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক অ্যাকাউন্টও জব্দের নির্দেশ দেন আদালত।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *