আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশের বাজারে সোনার দাম কমেছে। প্রতি ভরিতে সর্বোচ্চ দেড় হাজার টাকা কমানো হয়েছে।
বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় শনিবার দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্য সোমবার থেকে কার্যকর হবে বলে রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারে সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস।
এর আগে চলতি বছরের ২৬ জুন সর্বশেষ সোনার দর ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল। তার এক সপ্তাহ আগে এক হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছিল।
সোমবার থেকে ২২ ক্যারেট মানের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ৪৬ হাজার ৮৮৯ টাকায় বিক্রি হবে। তা রোববার পর্যন্ত ৪৮ হাজার ৩৪৭ টাকা দরে বিক্রি হচ্ছিল।
নতুন দর অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেট মানের সোনার দর পড়বে ৪ হাজার ২০ টাকা। রোববার পর্যন্ত দর ছিল ৪ হাজার ১৪৫ টাকা।
সোমবার থেকে ২১ ক্যারেট মানের প্রতি ভরি সোনা বিক্রি হবে ৪৪ হাজার ৬৭৩ টাকায় (প্রতি গ্রাম ৩৮৩০ টাকা)। ১৮ ক্যারেটের দাম হবে ৩৮ হাজার ৪৯১ টাকা (প্রতি গ্রাম ৩৩০০ টাকা)।
রোববার পর্যন্ত প্রতি ভরি ২১ ক্যারেটের সোনা ৪৬ হাজার ১৮৯ টাকা এবং ১৮ ক্যারেট ৩৯ হাজার ৫৯৯ টাকায় বিক্রি হচ্চিল।
আর সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনা বিক্রি হবে ২৬ হাজার ১১ টাকায় (প্রতি গ্রাম ২২৩০ টাকা)। এর ভরি ছিল ২৭ হাজার ৫২৭ টাকায়।
প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক ৫ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।
সনাতন পদ্ধতির সোনা পুরনো স্বর্ণালঙ্কার গলিয়ে তৈরি হয়। এ ক্ষেত্রে কত শতাংশ বিশুদ্ধ সোনা মিলবে, তার কোনো মানদণ্ড নেই।
রুপার দর কমেছে ভরিতে ২৯২ টাকা। সোমবার থেকে প্রতি ভরি রুপা ৯৯৩ টাকায় (প্রতি গ্রাম ৮০ টাকা) বিক্রি হবে। রোববার পর্যন্ত এর দর ছিল এক হাজার ২২৫ টাকা।



Leave a Reply