বুধবার ৪ নভেম্বর ২০২৬

গারো তরুণীর ধর্ষক রুবেল রিমান্ডে

গারো তরুণীর ধর্ষক রুবেল রিমান্ডেরাজধানীতে গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল দ্বিতীয় দফা গ্রেপ্তার হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন‌্য ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বাড্ডা থানার এসআই বি এম মামুন মঙ্গলবার রুবেলকে ঢাকার হাকিম আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন।

মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান।

রুবেলের পক্ষে শুনানিতে কোনো আইনজীবী ছিলেন না। তার জামিনেরও কোনো আবেদন হয়নি বলে জানান নজরুল।

রুবেল উত্তর বাড্ডার মিশ্রীটোলা এলাকার মফিজ উদ্দিন ওরফে মফু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য ও সন্ত্রাসী ঘটনায় বাড্ডা থানায় আটটি এবং রামপুরা থানায় অস্ত্র আইনের একটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত।

গত ২৫ অক্টোবর ঢাকায় হবু স্বামীর সামনে থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় এক গারো তরুণীকে। ওই ঘটনার পর ২৮ অক্টোবর বাড্ডা থানায় একটি মামলা হয়, যার প্রধান আসামি রুবেল।

ধর্ষণের ঘটনার ১৭ দিন পর গত ১১ নভেম্বর বিমানবন্দর স্টেশন এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় র‌্যাব।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন‌্য রোববার রুবেলকে পুরান ঢাকার আদালত পাড়ায় নেওয়া হলে ম্যাজিস্ট্রেটের কক্ষে নেওয়ার আগেই তিনি ‘কৌশলে’ পালিয়ে যান বলে সেদিন পুলিশের পক্ষ থেকে জানানো হয়। ওই ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করে পুলিশ প্রশাসন।

এরপর মঙ্গলবার ভোরে ঢাকার বাড্ডা এলাকা থেকে রুবেলকে আবারও গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (গণমমাধ‌্যম) মাসুদুর রহমান জানান।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *