রাজধানীতে গ্রেপ্তার নব্য জেএমবির ৫ সদস্যকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শুনানি শেষে শনিবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী রিমান্ডের আদেশ দেন।
এই পাঁচ জন হলেন- মাওলানা আব্দুল হাকিম ফরিদী ওরফে সুফিয়ান (৪০), রাজীবুল ইসলাম ওরফে রাজীব ওরফে আহমেদ (২৯), গাজী কামরুস সালাম সোহান ওরফে আবু আব্দুল্লাহ (২৭), মো. সোহেল রানা ওরফে খাদেম ওরফে মোয়াজ্জিন ওরফে সোহেল ওরফে শহীদুল্লাহ (২৩) ও শেখ মো. আবু সালেহ ওরফে লিটন ওরফে হুরাইয়া (৪২)।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই শেখ জহিরুল ইসলাম মুন্না বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামিদের দশ দিনের রিমান্ড আবেদন করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, আসামিগণ সরকারকে উৎখাতের উদ্দেশ্যে অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নিজেদের সংগঠনকে সুগঠিত করার ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরিকল্পনা করছিল। এমতাবস্থায় মামলার মুল রহস্য উদঘাটন, সহযোগী পলাতক অপর আসামিদের গ্রেপ্তার এবং মুল অপরাধী চক্র সনাক্তপূর্বক গ্রেপ্তার করার জন্য আসামিকে নিবিড়ভাবে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। সে জন্য তাদের দশ দিনের রিমান্ড মঞ্জুর প্রয়োজন।
অপরদিকে আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন আসামিদের রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থণা করেন।
উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে ছয় দিনের রিমান্ডের আদেশ দেন।
প্রসঙ্গত, গত বুধবার রাত সোয়া ৮টায় বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা থেকে মাওলানা আব্দুল হাকিম ফরিদী ওরফে সুফিয়ান (৪০) ও রাজীবুল ইসলাম ওরফে রাজীব ওরফে আহমেদকে (২৯) গ্রেপ্তার করে র্যাব-২। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১২টায় আদাবরের মোহাম্মদিয়া ক্যাফে থেকে গাজী কামরুস সালাম সোহান ওরফে আবু আব্দুল্লাহ (২৭), মো. সোহেল রানা ওরফে খাদেম ওরফে মোয়াজ্জিন ওরফে সোহেল ওরফে শহীদুল্লাহ (২৩) ও শেখ মো. আবু সালেহ ওরফে লিটন ওরফে হুরাইয়াকে (৪২) গ্রেপ্তার করা হয়।



Leave a Reply