বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুক্তি পেয়ে হাসপাতালে মাহমুদুর রহমান

কাশিমপুর কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়ে ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার বিকেল সাড়ে ৪টায় হাসপাতালে ভর্তি হন তিনি।

এরআগে দুপুরে কারামুক্তির পর সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন মাহমুদুর রহমান। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদুর রহমান।

কাশিমপুর কারাগার ২-এর জেলার নাশির আহমেদ জানান, মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই বাছাই শেষে দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

গত ৩১ অক্টোবর একটি মামলায় মাহমুদুর রহমানের জামিন বহাল রাখেন আপিল বিভাগ। এরপর মাহমুদুর রহমানের আইনজীবী বলেছিলেন, তার মক্কেল সব মামলায় জামিনে আছেন। তাই তার কারামুক্তিতে কোনো আইনগত বাধা নেই। এর ধারাবাহিকতায় আজ মুক্তি পেলেন মাহমুদুর রহমান।

২০১৩ সালের ১১ এপ্রিল রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে মাহমুদুর রহমান কারাগারে ছিলেন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *