ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষার দাবিতে আগামী ৩১ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় সমন্বয় কমিটি। ওইদিন ঢাকাসহ সারাদেশে এ কর্মসূচি পালন করবে সংগঠনটি। ঢাকায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হবে।
বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনী মিলনায়তনে সংগঠনের সমন্বয়ক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এ কর্মসূচি ঘোষণা করেন।
ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষায় বিভিন্ন দাবি তুলে ধরে তিনি বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষায় আর কোনো ছলচাতুরি বা প্রতারণা নয়, রাষ্ট্রকে আমরা সক্রিয় ও দৃশ্যমান ভূমিকায় দেখতে চাই।’
নাসিরনগরের ঘটনায় স্থানীয় এমপি ও মন্ত্রীর ভূমিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে তাদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে। এ ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনগত ও রাজনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত। আমি তাদের পদত্যাগ দাবি করছি। যদি তারা নিজ থেকে পদত্যাগ না করেন তাহলে সরকার তাদেরকে পদত্যাগে বাধ্য করবে।’
রানা দাশগুপ্ত ফেব্রুয়ারিতে গঠিত নতুন নির্বাচন কমিশনে সদস্য পদে ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের মধ্য থেকে যোগ্য অন্তত একজনকে মনোনয়ন দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আহ্বান জানান। একই সঙ্গে জেলা পরিষদ নির্বাচনেও সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
রোহিঙ্গাদের ওপর নির্যাতন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে ধর্মীয় সহিংসতায় তীব্র নিন্দা জানাই এবং এ নির্যাতন বন্ধে মিয়ানমার সরকারের কাছে জোর দাবি জানাই।’ এর পেছনে আন্তর্জাতিক কোনো চক্রান্ত রয়েছে কি না-তা খতিয়ে দেখারও আহ্বান জানান এই আইনজীবী।



Leave a Reply