বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাগল ছাড়া এটা লেখা সম্ভব না: আসিফকে মুশফিক

পাগল ছাড়া এটা লেখা সম্ভব না: আসিফের উদ্দেশ্যে মুশফিকএবারের বিপিএলে বরিশাল বুলস টানা পাঁচ ম্যাচ হারার পর দলটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সংগীতশিল্পী আসিফ আকবর ফিক্সিংয়ের সন্দেহ করেন।

সোমবার ফেসবুক স্ট্যাটাসে আসিফ লেখেন, ‘১৭, ১৮, ১৯ এবং ২০ নম্বর ওভারগুলোয় ব্যাটসম্যানরা হয়ে যায় প্রতিবন্ধী আর বোলাররা হয়ে যায় বাঘ। টি-টোয়েন্টি ক্রিকেট জুয়ার অপর নাম। দর্শক হিসেবে মাঠে যাই খেলা দেখতে, আর আমাদের নিয়ে খেলা হয় টেবিলে। আমার দল বরিশাল বুলসের বিদেশি ও দেশী খেলোয়াড়দের একটা অংশ ম্যাচ ফিক্সিংয়ে জড়িত আমি নিশ্চিত, প্রমাণ নেই। তবে বিসিবি এবং আকসু যদি তীক্ষ্ণ দৃষ্টি দেয়, অবশ্যই তারা প্রমাণ খুঁজে পাবে।’

আসিফের এমন সন্দেহে বরিশাল বুলসের অধিনায়ক মুশফিকুর রহিম বিব্রতবোধ করছেন। মঙ্গলবার টানা ষষ্ঠ ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে মুশফিক বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কী আর বলব… ওই অভিযোগ শোনার পর এবং নিজের চোখে দেখার পর নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। উনি আমাদের দেশে প্রায় সেলিব্রেটি এবং শিক্ষিত একজন মানুষ, তার মুখ থেকে এরকম কথা আসবে বা লিখবে…এটা বিরক্তিকর ও লজ্জাজনক।’

বরিশাল অধিনায়ক আরো বলেন, ‘এই দলে আমরা দেশী-বিদেশি সবাই কষ্ট করে খেলছি, পেশাদারিত্ব দিয়ে খেলছি, কারণ এটাই আমাদের রুটি-রোজগার। এটার সঙ্গে যদি কেউ বেঈমানি করে, এর চেয়ে খারাপ কিছু আর হতে পারে না। উনি যেটা লিখেছেন, খুব কষ্ট লাগছে।’

আসিফকে পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন মুশফিক, ‘উনি এটা মাথা ঠিক অবস্থায় লিখেছেন নাকি বেঠিক অবস্থায়, নিজেও জানি না! আমার প্রশ্ন করতে ইচ্ছে করছে উনাকে…সামনে পেলে প্রশ্ন করব, কোন পরিস্থিতি দেখে আপনার মনে হয়েছে বা কোন দেশী বা বিদেশি খেলোয়াড় ফি্ক্সিংয়ে জড়িত। উনি লিখেছেন যে উনি নিশ্চিত, কিন্তু প্রমাণ নেই। এটা কোন ধরণের ভাষা! এটাই বলে দেয় উনি কোন অবস্থায় ছিলেন। আমাদের পারফরম্যান্সের কারণে সবাই হতাশ। বরিশালবাসীও হতাশ। ভালো করতে পারছি না, এটা অন্য কথা। কিন্তু উনি যেভাবে লিখেছেন, একজন মানুষের পক্ষে এটা লেখা সম্ভব না, পাগল ছাড়া!’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *