স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোট ২০ বার হত্যার ষড়যন্ত্র হয়েছে। কিন্তু ষড়যন্ত্র করে তাকে হত্যা করা যাবে না।
মন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা বসে নেই। আমাদের প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র এখনো চলছে। এর আগের ১৯ বারের সঙ্গে আরো একবার যোগ হলো ২০ বার তাকে হত্যার চেষ্টা করা হলো।
শনিবার রাজধানীর গুলশানের ইয়ুথ ক্লাবে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। বাংলাদেশ এগিয়ে যাক সেটা তারা চায় না। সে কারণেই তারা ষড়যন্ত্রমূলক কাজ করছে।
নিখোঁজ তরুণদের দ্রুত সন্ধান মিলবে বলে আশা ব্যক্ত করে আসাদুজ্জামান খাঁন বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সারাদেশের মোট ১০ শিক্ষার্থী নিখোঁজের ঘটনাকে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তবে তারা জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এসময় আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি একেএম রহমতুল্লাহ এবং সাধারণ সম্পাদক সাদেক খানসহ নগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।



Leave a Reply