বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইংলিশ মিডিয়াম স্কুলে ভ্যাট অবৈধ: হাইকোর্ট

ইংলিশ মিডিয়াম স্কুলে ভ্যাট অবৈধ: হাইকোর্টইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ৭.৫ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করেছেন উচ্চ আদালত। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ড. শাহদীন মালিক। তিনি বলেন, এই রায়ের ফলে জানুয়ারি থেকে ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের ভ্যাট দিতে হবে না।

এর আগে গত বছরের ১৭ সেপ্টেম্বর ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। দুই অভিভাবকের করা রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শামীম হাসনাইন ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ইংলিশ মিডিয়াম স্কুলের দুজন শিক্ষার্থীর অভিভাবক ফাইজুল ইসলাম ও সেলিম আজম ভ্যাট প্রদানের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। রিটে বিবাদী করা হয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, শিক্ষা সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে।

রিট আবেদনে বলা হয়, ভ্যাট আরোপের কারণে ইংলিশ মিডিয়াম শিক্ষার সুযোগ সংকুচিত হয়েছে। এ ছাড়া এটি বৈষম্যমূলকও। কারণ বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর ওপর সরকার ভ্যাট আরোপ করেছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ওপর ভ্যাট আরোপ ন্যায়সঙ্গত নয়।

জানা যায়, ২০১২ সালে সরকার ৪ দশমিক ৫ শতাংশ করারোপ করে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশনের ওপর। এ বছর তা বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়।

বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্তের পর থেকে কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন।

প্রসঙ্গত, এর আগে শিক্ষার্থীদের টানা বিক্ষোভের মুখে সরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *