বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফোন দিয়ে বলে, লাশ পড়ে আছে, নিয়ে যান

রাজধানীর চকবাজারে আবুল হোসেন বাবু (২৬) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চকবাজার থানার পুলিশ বাবুর লাশ উদ্ধার করে। বিকেল সাড়ে ৪টায় তা ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাবু পরিবারসহ চকবাজার থানার পূর্ব ইসলামবাগ এলাকায় থাকতেন। সোয়ারীঘাটে তাঁর ‘বাবু ট্রেডার্স’ নামে একটি পুরোনো ড্রামের দোকান রয়েছে।

হাসপাতালে বাবুর ভাই মো. বাদল মিয়া জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাবু বাসায় আসেন। একটু পরে তিনি আবার সোয়ারীঘাট বাজারে যাবেন বলে বাসা থেকে বের হয়ে যান।

এরপর রাত সাড়ে ১০টার দিকে বাবুর মোবাইল থেকে এক ব্যক্তি বাদল মিয়ার মোবাইলে ফোন দেন। তিনি জানান, সোয়ারীঘাটে বাবুর লাশ পড়ে আছে। পরিবারের লোকেরা সেখানে গিয়ে ভ্যানের ওপর বাবুকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল থেকে পরিবারের লোকজন মৃতদেহটি বাসায় নিয়ে যান। খবর পেয়ে পুলিশ আজ সকাল সাড়ে ১০টায় মৃতদেহ উদ্ধার করেন।

বাবুর সুরতহাল প্রতিবেদনে চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) জিহাদ দেওয়ান উল্লেখ করেন, শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, তাঁর মুখে অ্যালকোহলের গন্ধ পাওয়া গেছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাবুর ভাই বাদল দাবি করেন, তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেক ড্রাম ব্যবসায়ী নূর মোহাম্মদকে সন্দেহ করছেন তিনি। তাঁর দাবি, নূর মোহাম্মদকে ধরলেই সবকিছু বেরিয়ে আসবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *