প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কিছু একটা উপহার দেবেন। মনের মধ্যে অনেকদিন ধরেই স্বপ্নটি পুষে রেখেছিলেন সিরাজগঞ্জের দিনমজুর রইচ উদ্দিন। আর তাই তো এক মাসের রোজগারের টাকা জমিয়ে তিন মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটি শাড়ি এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জন্য একটি লুঙ্গি কিনে রেখেছিলেন তিনি।
রইচ উদ্দিনের বাড়ি সিরাজগঞ্জের চৌহালী উপজেলার গোপরেখী গ্রামে।
পঞ্চাশোর্ধ্ব তাঁতশ্রমিক রইচ উদ্দিনের সেই স্বপ্ন পূরণ হয়েছে গত শুক্রবার। ওইদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উত্তরবঙ্গে রাজনৈতিক সফর উপলক্ষে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ সড়কের কড্ডার মোড় এলাকায় পথসভায় অংশ নেন। এ সময় তাঁর হাতে এ উপহার তুলে দেন তিনি।
দিনমজুর রইচ উদ্দিন জানান, তাঁর অভাবের সংসার। তারপরও এক মাসের রোজগারের টাকা জমিয়ে তিন মাস আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটি তাঁতের শাড়ি আর ওবায়দুল কাদেরের জন্য একটি লুঙ্গি কিনে রেখেছিলেন। তিনি নিজেও তাঁতের কাজ করেন। রইজ উদ্দিনের আট সদস্যের পরিবারে কোনোরকমে চলে সংসার। ছেলেমেয়ে, পুত্রবধূ, স্ত্রী সবাই তাঁতশ্রমিক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় রইচ উদ্দিন তাঁকে শাড়ি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী এনায়েতপুরের বিখ্যাত শাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক আফজাল হোসেন লাভলুর কারখানা থেকে দুই হাজার টাকায় শাড়িটি কিনেছেন রইচ উদ্দিন। আধুনিক নতুন নকশার সবচেয়ে ভালো শাড়িটিই পছন্দ করেছেন তিনি।
কারখানা মালিক আফজাল হোসেন লাভলু বলেন, ‘আমি তাঁকে (রইচ উদ্দিন) জিজ্ঞেস করেছিলাম, এত দামি শাড়ি দিয়ে কী করবেন? তখন তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দলের সভাপতি নির্বাচিত হয়েছেন, তাই তাঁকে দেওয়ার জন্য শাড়ি কিনতে এসেছেন। প্রধানমস্ত্রীর প্রতি ভালোবাসা দেখে পাঁচ হাজার টাকার শাড়ি দুই হাজারে দিয়েছি।’
আফজাল হোসেন লাভলু আরো বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি রইচ উদ্দিনের ভালোবাসা দেখে আমি তাঁকে বিনামূল্যে শাড়ি দিতে চেয়েছিলাম। কিন্তু তিনি নেননি। তাঁর বক্তব্য নিজের কষ্টের টাকা দিয়ে শাড়ি উপহার দিতে না পারলে তিনি আত্মতৃপ্তি পাবেন না। রইচ পাগলার এমন ভালোবাসার বিষয়টি আমাকে অবাক করেছে।’
এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস জানান, ‘রইচ উদ্দিন শাড়ি ও লুঙ্গির উপহার দিবেন বলে আমাকে বলেন। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অবহিত করলে তিনি রাজি হন। অনুষ্ঠান শেষে উপহারটা নিয়ে রইচকে ধন্যবাদ দেন ওবায়দুল কাদের।’



Leave a Reply