বুধবার ৪ নভেম্বর ২০২৬

নিজের রোপণ করা গাছের চন্দন কাঠেই সুরঞ্জিতের দাহ

suranjit_dead_body2_38704_1486298432নিজের হাতে রোপণ করা চন্দন গাছের কাঠ দিয়ে দাহ করা হয়েছে বর্ষীয়ান রাজনীতিক সুরঞ্জিত সেনগুপ্তকে।

সোমবার দিরাই এর আনোয়ারপুরে নিজ বাড়ির পাশে সুরঞ্জিত সেনগুপ্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এমপি রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে ৭২ বছর বয়সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে পরলোকগমন করেন।

সুরঞ্জিত সেনগুপ্তের ব্যবসাপ্রতিষ্ঠানের ম্যানেজার সুজিত রায় বলেন, চৌদ্দ-পনের বছর আগে সুরঞ্জিত সেনগুপ্ত নিজের হাতেই বাড়ির আঙ্গিনায় এই চন্দন গাছটি রোপণ করেছিলেন। যখনই তিনি দিরাই এর এই বাড়িতে যেতেন, নিজের হাতেই গাছটির পরিচর্যা করতেন।

সুরঞ্জিত সেনগুপ্তকে একজন বৃক্ষপ্রেমিক উল্লেখ করে তিনি বলেন, তার নিজের হাতে সৃজন করা বাগানে প্রচুর পরিমাণ মেহগনি, সুন্দরী ও সেগুন গাছসহ ফল-ফলাদির গাছ আছে। সময় পেলে সুরঞ্জিত নিজ হাতেই এসব গাছের দেখভাল করতেন।

এদিকে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে দিরাই উপজেলা আওয়ামী লীগ তিন দিনের শোক ঘোষণা করেছে । এর আগে সকালে দিরাই জগন্নাথ মন্দিরে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ৯টায় সুরঞ্জিত সেনগুপ্তের মরদেহ সিলেটে এসে পৌঁছে। বেলা ১১টায় মরদেহ যায় সুনামগঞ্জের সাল্লায় নিজ নির্বাচনী এলাকায়। সকাল ১০টায় সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান।

পরে মরদেহ দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের বাসভবনে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে আনোয়ারপুরে তার মরদেহ দাহ করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *