ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। আজ রোববার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার জয়রামপুরে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন উপজেলার বড় বলদিয়া গ্রামের বিল্লাল ও রফিকুল। হতাহতরা সবাই একই এলাকার বাসিন্দা। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে উপজেলার বড় বলদিয়া গ্রামের ২২ নির্মাণ শ্রমিক একটি ভটভটিতে করে কাজের জন্য আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জে যাচ্ছিলেন। পথে দামুড়হুদা উপজেলার জয়রামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভটভটির আট যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় ১৪ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। এ ছাড়াও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে আরো দুজনের মৃত্যু হয়।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার কলিমউল্লাহ বলেন, লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনত ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবদুস সালাম জানান, সংঘর্ষের পর তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।



Leave a Reply