বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানের মৃত্যুতে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
শোকবাণীতে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “পঞ্চগড়ের সম্ভ্রান্ত পরিবারের সন্তান শফিউল আলম প্রধান বাংলাদেশের রাজনীতিতে ছিলেন এক উজ্জল নক্ষত্র। দীর্ঘ প্রায় পাঁচ দশক থেকে আলোচিত শফিউল আলম প্রধানের মৃত্যু নিঃসন্দেহে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম একটি অপূরণীয় ক্ষতি। জাতীয় জীবনে তার অভাব অনুভূত হবে সবার।”
শোকবাণীতে ব্যারিস্টার নওশাদ জমির বলেন, “শফিউল আলম প্রধানের মৃত্যুতে পঞ্চগড়ের বাসিন্দা হিসেবে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করবেন এই কামনা করছি।”
প্রসঙ্গত, রোববার ২১ মে সকালে ঢাকার আসাদগেটের বাসায় মৃত্যু হয় শফিউল আলম প্রধানের। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভূগছিলেন।
এদিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং জানায়, মরহুমের প্রথম নামাজে জানাজা বাদ যোহর আসাদগেটের বাসায়, দ্বিতীয় নামাজে জানাজা বাদ আসর ইকবাল রোডের জামে মসজিদ ও তৃতীয় জানাজা সোমবার সকালে বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
শফিউল আলম প্রধানের মৃত্যুতে ২০দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক জানিয়েছেন।
এদিকে জাগপা সভাপতির মৃত্যুর খবর পেয়ে তার বাসায় ছুটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ২০দলীয় জোটের নেতারা।



Leave a Reply