বুধবার ৪ নভেম্বর ২০২৬

মাশরাফি এই কৌশল না নিলে অস্ট্রেলিয়া জিতে যেত

স্পোর্টস করেসপন্ডেন্ট, লন্ডন (ওভাল) থেকে।
চ্যাম্পিয়নস ট্রফির ৫ম ম্যাচে বৃষ্টি আসার পরও জয়ী হতে পারত অস্ট্রেলিয়া! আর বৃষ্টি না আসলে তো জয় নিয়ে কোনো সন্দেহই ছিল না। তবে আবহাওয়া বার্তা বলে দিয়েছিল, ওভালের ম্যাচটি ভাসিয়ে নিতে পারে বৃষ্টি।

হলোও তাই। ১৮২ রানে অলাআউট হওয়ার পর বৃষ্টির প্রতীক্ষা করা ছাড়া কিছু করারও ছিল না বাংলাদেশের। কিন্তু কেবল বৃষ্টি আর ভাগ্য নয়; বাংলাদেশের ১ পয়েন্ট অর্জনে ভূমিকা ছিল বোলারদের। তাদের কৌশলের কথা ফাঁস করেছেন স্বয়ং মাশরাফি বিন মুর্তজা!

ওয়ানডে ক্রিকেটের নিয়ম অনুযায়ী প্রতি ইনিংসে কমপক্ষে ২০ ওভার করে খেলা না হলে বাতিল হয়ে যাবে ম্যাচ। এই নিয়মের মারপ্যাঁচটাই কাজে লাগিয়েছে টাইগার বোলাররা। ব্যাটিংয়ে নেমে অজিদের লক্ষ্য ছিল যত তাড়াতাড়ি সম্ভব অন্তত ২০ ওভার খেলা শেষ করা। রান যাই আসুক না কেন। কিন্তু মাশরাফি বাহিনী কোনোভাবেই ২০ ওভার খেলা গড়াতে দিতে রাজী ছিলেন না। বাকীটা শোনা যাক তার মুখেই।

ম্যাশ বললেন, “এই কথা এখানে বলা উচিত নয় হয়তো। তবে সত্যি বলতে আমাদের চিন্তা ছিল যে ম্যাচে তো জয়ের কোনো সম্ভাবনা নেই। একমাত্র উপায় ২০ ওভারের আগে যতটুকু সময় ক্ষেপণ করা যায়। এজন্য মিরাজকে এক ওভার দিয়ে পরে এনেও আবার সরিয়ে নিয়েছি যাতে খেলাটা দূরে সরিয়ে নেওয়া যায়। ”

তাই এক পর্যায়ে মাশরাফির ১ ওভার শেষ করতে সময় লেগে গেল ৮ মিনিট। রুবেলের ১ ওভার শেষ হতে ৬ মিনিট। মুস্তাফিজ লাগালেন ৭ মিনিট। এভাবেই নিয়মের মধ্যে থেকে কৌশলের আশ্রয় নেন বাংলাদেশের বোলাররা। কিন্তু ১৬ ওভার শেষে পানি পানের বিরতির সাথে সাথে শুরু হলো বৃষ্টি। তবে দল নিশ্চিত হতে পারছিল না। এর আগে একের পর এক পেসারকে দিয়ে বল করাচ্ছিলেন মাশরাফি। ১৬ ওভারের ১৫ ওভারই করেছেন পেসাররা। অন্যদিকে রাগে গজরাচ্ছিলেন স্মিথ-ওয়ার্নাররা। অবশেষে সেই মহেন্দ্রক্ষণ আসল!

ম্যাশের ভাষায়, “জানতাম যে সাড়ে ৬টা বা ৭টায় বৃষ্টি আসতে পারে। তবে সত্যি বলতে, ১৬ ওভার যখন শেষ হলো, আমরা বুঝতে পারছিলাম না খেলা আরও হবে কিনা। পানি পানের বিরতির সময় বুঝিনি যে তখনই খেলা বন্ধ করে দেবে। তাই চেষ্টা করেছিল যতটা সময় নেওয়া যায়। “

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *