মঙ্গলবার ৩ নভেম্বর ২০২৬

অবশেষে যুক্তরাষ্ট্রে কূটনৈতিক সুরক্ষা পেলেন বাংলাদেশি শাহেদুল

নিউইয়র্ক সংবাদদাতা: অবশেষে কূটনৈতিক সুরক্ষা দেওয়ায় লক্ষ্যে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি কূটনীতিক শাহেদুল ইসলামকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বদলি করা হয়েছে। গত ২০ জুন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশের বলে সমপদমর্যদা দিয়ে মিশনের কাউন্সিলর পদে নিয়োগ দেয়া হয়।

সাবেক ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম আদালত থেকে জামিনে মুক্তি পাবার এক সপ্তাহ পর নতুন কর্মস্থলে যোগদান করেছেন বলে মিশনের ফার্স্ট সেক্রেটারি নূর-ই-এলাহি মিনা জানিয়েছেন।

মিনা আরও জানান, শাহেদুলের বর্তমান চুক্তির মেয়াদ পর্যন্ত তিনি মিশনের কাউন্সিলর পদে দায়িত্ব পালন করবেন। তিনি উদাহরণ টেনে বলেন একই ধরনের অভিযোগে ভারতীয় কূটনীতিক দেবযানী খোবরাগাড়কেও গ্রেপ্তার করেছিল পুলিশ। পরে দেবযানীকে কূটনৈতিক সুরক্ষা দিতে ভারত সরকার দেবযানীকে জাতিসংঘের স্থায়ী মিশনে বদলি করেন এবং তিনি পূর্ণ কূটনৈতিক সুরক্ষা পান। ঠিক তেমনি বাংলাদেশ সরকারও কূটনীতিক শাহেদুল ইসলামকে কূটনৈতিক সুরক্ষা দেবেন বলে আশা করছেন তিনি।

গত ১২ জুন সোমবার সকালে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিউ ইয়র্কের পুলিশ জ্যামাইকা এলাকার বাসা থেকে ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেন। গৃহকর্মী মোহাম্মদ আমিন অভিযোগ করেন প্রায় তিন বছরের বেশি সময় ধরে সহিংস নির্যাতন ও হুমকি দিয়ে বিনা বেতনে কাজ করতে তাকে বাধ্য করেছেন শাহেদুল। পরদিন ১৩ জুন নিউ ইয়র্কের কুইন্স সুপ্রিম কোর্টে শাহেদুলকে হাজির করা হলে বিচারক ৫০ হাজার ডলারের জামিননামা ধার্য করে তাকে জামিনে মুক্তি দেন।

গত ২৮ জুন বুধবার কুইন্সের ক্রিমিনাল আদালতে হাজিরা দিয়েছেন বাংলাদেশ দূতাবাসের সাবেক ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম।

মামলায় গৃহকর্মী মোহাম্মদ আমিন অভিযোগ করেন, প্রায় তিন বছরের বেশি সময় ধরে সহিংস নির্যাতন ও হুমকি দিয়ে বিনা বেতনে কাজ করতে তাকে বাধ্য করেছেন শাহেদুল।

এ মামলায় ডেপুটি কনসাল জেনারেল শাহেদুল ইসলাম বুধবার শুনানির জন্য কুইন্সের ক্রিমিনাল আদালতে হাজিরা দেন। বুধবার কোনো শুনানি হয়নি। বিচারক আগামী ৩ অক্টোবর শুনানির দিন ধার্য করেছেন। ওইদিন উভয় পক্ষের আইনজীবী মামলাসংক্রান্ত স্ব স্ব প্রমাণপত্র উপস্থাপন করবেন। শাহেদুল ইসলামের পক্ষে লড়ছেন নিউ ইয়র্কে প্রখ্যাত আইনজীবী ড্যানিয়েল এন আর্শাক।

জানা গেছে, বাংলাদেশে শাহেদুলের ঠাকুঁরগাওয়ের বাড়িতে জন্মগ্রহণকারী ৪৩ বছর বয়সী এ গৃহকর্মী মোহাম্মদ আমিন গত বছরের মে মাসে আত্মগোপনে চলে যান। এরপর একটি স্বেচ্ছাসেবী-মানবাধিকার সংস্থার আশ্রয়ে থেকে শাহেদুলের বিরুদ্ধে এ ধরনের একটি মামলা দায়ের করার পরিকল্পনা করেন।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, অতীতেও যুক্তরাষ্ট্রে এমন ঘটনা ঘটেছে। ওই গৃহকর্মীরা নির্দিষ্ট মেয়াদের জন্য চুক্তিবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রে যায়। কিন্তু তাদের কেউ কেউ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকার প্রত্যাশায় তাদের কর্মস্থল থেকে পালায় এবং মামলা দায়ের করে যুক্তরাষ্ট্রে দীর্ঘমেয়াদে থাকার চেষ্টা চালায়।

 

 

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *