খুলনা সংবাদদাতা: আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্ত্রী-এমপিদের সতর্ক করে দিয়ে বলেন, ‘কিছু কিছু মন্ত্রী-এমপির ভাই, ছেলে-মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজন অপকর্ম করছেন। যাদের আত্মীয়স্বজন অপকর্ম করছেন তাদের বর্জন করুন, না হয় রাজনীতি বর্জন করুন। শেখ হাসিনার সততার রাজনীতিকে আপনারা প্রশ্নবিদ্ধ করবেন না।’
তিনি দলের কর্মীদের উদ্দ্যেশে বলেন, ‘আমাদের হারানোর কিছু নেই। আমিও অনেক নির্যাতনের স্বীকার হয়েছি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করে আপনাদের মূল্যায়ন করেছেন। খায় খায় ভাব আওয়ামী লীগ কর্মীদের মধ্যে নেই, কিছু কিছু নেতার মধ্যে রয়েছে।’
রবিবার দুপুরে স্থানীয় খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত আওয়ামী লীগের খুলনা বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় সেতুমন্ত্রী এ কথা বলেন। এসময় দলের নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আওয়ামী লীগের ক্ষতি করবেন না। খারাপ লোকদের নিয়ে নিজেদের ভারী করবেন না। কোনো গণবিরোধী লোক, খারাপ লোক, মুক্তিযুদ্ধের বিরোধী লোককে দলে ভিড়াবেন না। ক্ষমতায় থেকে ক্ষমতার দাপট দেখাবেন না। ক্ষমতায় না থাকলে আপনাদের অবস্থা ঠিক থাকবে না। চূর্ণ-বিচূর্ণ হয়ে যাবেন।’
প্রতিনিধি সভায় ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেন, ‘বিএনপির কাজ একটাই। তারা হল নালিশ পার্টি। আন্দোলনের নামে তারা ঘরে বসে বিদেশিদের কাছে নালিশ করে। বিএনপি বলেছিল ঈদের পরে তারা আন্দোলন করবে। কোথায় গেছে তাদের সেই আন্দোলন! ভৈরবে আন্দোলন নেই, রূপসায় আন্দোলন নেই, আঠারোবাকীতে আন্দোলন নেই, সুন্দরবনেও আন্দোলন নেই।’
বিএনপির আন্দোলন করা নিয়ে তিনি আরও বলেন, ‘ঈদের ১৩দিন পার হয়ে গেছে, দেখতে দেখতে ৮ বছরও পার হয়ে গেল। আন্দোলন হল না। তাদের মরা গাঙ্গে আর জোয়ার আসবে না। তারা আন্দোলনেও ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ হবে। বিএনপির আন্দোলনের ডাক আষাঢ়ের তর্জন-গর্জনের সার। তবে আমরা না চাইলেও বিএনপি আগামী নির্বাচনে আসবে।’
কেন্দ্রীয় আওয়ামী লীগ এ প্রতিনিধি সভার আয়োজন করে। এর আগে বেলা ১১টায় প্রতিনিধি সভা শুরু হয়। প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য। অনুষ্ঠান পরিচালনা করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন। অনুষ্ঠানে অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দিন এমপি।
বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জাতীয় নির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অ্যাডভোকেট বীরেন্দ্রনাথ শিকদার এমপি প্রমুখ।




Leave a Reply