বুধবার ৪ নভেম্বর ২০২৬

কুসুম সিকদারের ‘অশালীন’ গান ইউটিউব থেকে সরিয়ে নিতে আইনি নোটিশ

ভিডিওটিতে পাঁচটি গোসলের দৃশ্য, সাতটি সুইমিং পুলের দৃশ্য, একটি শয্যাদৃশ্য ও তিনটি চুম্বন দৃশ্য রয়েছে…

বিনোদন প্রতিবেদক: অভিনেত্রী কুসুম সিকদারের ভিডিওসঙ্গীত ‘নেশা’-কে যৌন উত্তেজক ও অশ্লীল আখ্যায়িত করে ভিডিও ও টিজার ৭২ ঘণ্টার মধ্যে ইউটিউব থেকে সরিয়ে নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ রোববার ই-মেইল, ডাক ও কুরিয়ারযোগে গানটির প্রকাশক ‘বঙ্গ’সহ গানটির মডেল কুসুম সিকদার ও খালেদ হোসাইন সুজনকে আইনি নোটিশটি পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব।

একই সঙ্গে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, তথ্য ও যোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, সংস্কৃতি মন্ত্রণালয় সচিব ও তথ্যসচিবকেও নোটিশ পাঠানো হয়।

গত ৩ আগস্ট ইউটিউব চ্যানেল ‘বঙ্গবিডি’ থেকে কুসুম সিকদারের ‘নেশা’ শিরোনামে একটি মিউজিক ভিডিও মুক্তি পায়।

নোটিশে বলা হয়, “নেশা ভিডিওটি শুরুই হয় ‘চোখে আমার তোমার নেশা, শ্বাসে আমার তোমার নেশা, সারা দেহে তোমার নেশা, রগে রগে তোমার নেশা, তোমায় পান করে….জ্ঞান হারাই, হই মাতাল’ এমন উত্তেজক কথার আবৃত্তি দিয়ে।” এতে আরো বলা হয়, ভিডিওটিতে রয়েছে একের পর এক আপত্তিকর, যৌন উত্তেজক ও অশ্লীল দৃশ্য।

ভিডিওটিতে পাঁচটি গোসলের দৃশ্য, সাতটি সুইমিং পুলের দৃশ্য, একটি শয্যাদৃশ্য ও তিনটি চুম্বন দৃশ্য রয়েছে। গানের কথার সঙ্গে এসব দৃশ্যের কোনো মিল নেই। গানকে দ্রুত জনপ্রিয় করার সস্তা রাস্তা হিসেবে ওই সব দৃশ্য সংযোজন করা হয়েছে।

আইনি নোটিশে আরো উল্লেখ করা হয়, ভিডিওটির কভার ছবিও অত্যন্ত অশ্লীল ও আপত্তিকর। এ ধরনেরে অশ্লীল ভিডিও তৈরি প্রকাশনা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা ও পর্নোগ্রাফি আইন, ২০১২-এর ৮ ধারামতে দণ্ডনীয় অপরাধ।

একই সঙ্গে ইউটিউব ও অনলাইনে মিউজিক ভিডিওর নামে শরীর সর্বস্ব ও অশ্লীল ভিডিও তৈরি ও প্রকাশনা পর্যবেক্ষণ, রোধ ও বন্ধে ব্যবস্থা গ্রহণ এবং আগামী এক মাসের মধ্যে বর্তমানে অনলাইনে বিদ্যমান অশ্লীল ভিডিওগুলো সরানোর অনুরোধ করা হয়।

আইনজীবী আফতাব উদ্দিন ছিদ্দিকী রাগিব বলেন,‘৭২ ঘণ্টার মধ্যে গানটি না সরালে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *