নিজস্ব প্রতিবেদক: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে বেশ কিছুদিন ধরেই পেটানোর হুমকি দিয়ে আসছিল ছাত্রলীগ। শেষ পর্যন্ত তাকে পিটিয়েই ছাড়ল ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনটি।
ইমরান এইচ সরকারকে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পিটিয়ে রক্তাক্ত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
ইমরান এইচ সরকার সহ গণজাগরণ মঞ্চের কর্মীরা জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করছিলেন। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা সেখানে এলে বাকবিতণ্ডা হয়। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনের নেতৃত্বে ছাত্রলীগের একদল নেতাকর্মী হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে ইমরানসহ বেশ কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত করে।
এ প্রসঙ্গে ইমরান এইচ সরকার বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে বলেন, কিছু দুষ্কৃতকারী বলেন কিসের বন্যা, দেশে কোনো বন্যা নেই- এই বলে পাথর ও লাঠিসোটা নিয়ে আমাদের ওপর হামলা শুরু করে। আমিসহ আমাদের পাঁচ কর্মী আহত হয়। আমরা মামলা করব। বর্তমানে শাহবাগ থানায় আছেন তিনি।
এ প্রসঙ্গে জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন বলেছেন, ঘটনাস্থলে আমি ছিলাম না। আমি সিনেটে প্রোগ্রামে ছিলাম। তবে যেহেতু ইমরান এইচ সরকার দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছে সেহেতু সাধারণ শিক্ষার্থীরা এমন করে থাকতে পারে।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস বলেন, গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা বিকালে ত্রাণ সংগ্রহের জন্য শাহবাগে জাদুঘরের সামনে মিলিত হয়েছিলেন। সমাবেশের শেষের দিকে ১০ থেকে ১২ জন ইমরান এইচ সরকারকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে চারজন আহত হয়েছেন। থানায় লিখিত অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।



Leave a Reply