বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিনেমায় নামার অপেক্ষায় মৌ

বিনোদন প্রতিবেদক: বড় বোন শাবনাজ এক সময়ে চলচ্চিত্রের নায়িকা হিসেবে বেশ ব্যস্ত সময় কাটিয়েছেন। এখন সংসার, সন্তান নিয়েই বেশি ব্যস্ত তিনি। দীর্ঘদিন চলচ্চিত্রে অভিনয়ে শাবনাজের দেখা নেই।

বড় বোনের উপস্থিতি না থাকলেও ছোট বোন তাহমিনা সুলতানা মৌ অভিনয়ে নিয়মিত আছেন। তবে তিনিও যে টানা অভিনয় করেন এমন নয়। ভালো গল্প আর চরিত্র পেলেই শুধু অভিনয়ে মৌ’র দেখা মিলে। বাংলাদেশের টিভি নাটকের অন্যতম দীর্ঘ নাটকের অভিনেত্রী তিনি। আল হাজেন পরিচালিত আরটিভিতে প্রচার চলতি এই ধারাবাহিকের একজন অভিনেত্রী তিনি। নাটকের নাম ‘অলসপুর’।

এছাড়া আলোচিত ডেইলিসোপ ‘গুলশান এভিনিউ’রও অভিনেত্রী মৌ। সাম্প্রতিক সময়ে চ্যানেল আইতে শেষ হওয়া সালাহ উদ্দিন লাভলু নির্দেশিত ধারাবাহিক নাটক ‘সোনার পাখি রূপার পাখি’ নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মৌ। নাটকে অভিনয় করার ক্ষেত্রে শুরু থেকেই মৌ ছিলেন একটু বেশি চুজি। যে কারণে অন্য অনেক অভিনেত্রীর মতো তার নাটকের সংখ্যা খুউব বেশি নয়।

তবে যেসব নাটকে অভিনয় করেছেন সেখানে তার চরিত্র ছিলো দর্শকের চোখে পড়ার মতো। নিজের এই কম কাজ করা নিয়েই সবসময় তৃপ্ত মৌ। বড় বোনের মতো মৌ’রও ইচ্ছে করে চলচ্চিত্রে অভিনয় করার। কিন্তু ভালো গল্প আর চরিত্রের প্রতি অধিক মনোযোগী তিনি। যে কারণে এখনো ব্যাটে বলে মিলছেনা তার। কিছুদিন আগে কলকাতা থেকে একটি চলচ্চিত্রের কাজ করার প্রস্তাব এসেছিলো। চরিত্র পছন্দ না হওয়ায় সানন্দে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন মৌ। এদিকে আজ মৌ’র জন্মদিন। নেই কোন পরিকল্পনা জন্মদিনকে ঘিরে। তবে তিনি বিশ্বাস করেন তার স্বামী মনির দিনটিতে তাকে সারপ্রাইজ দেবেন। সেটা কী তা জানেন না মৌ।

একমাত্র মেয়ে ওয়ানিয়ার সঙ্গে সারাক্ষণ সময় কাটাবেন আজকের দিনে। জন্মদিন প্রসঙ্গে মৌ বলেন,‘ সত্যি বলতে কী এবারের জন্মদিনে কোন পরিকল্পনা নেই। শুধু সবার কাছে দোয়া চাই যেন দিনটি ভালোভাবে কেটে যায়। সন্তান, স্বামী, পরিবারের সবাইকে নিয়ে যেন ভালোভাবে দিনটি পার করতে পারি এই দোয়া চাই সবার কাছে।’ এদিকে বোনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শাবনাজ বলেন,‘ আমাদের তিন বোনের মধ্যে মৌ সবার ছোট। ওর স্বামী, সংসার, সন্তান আছে। তারপরও কেন জানি মনে হয় মৌ সেই ছোট্টটিই আছে। জন্মদিনে ওর হাসিমাখা মুখখানি দেখতেই ভালোলাগে। মৌ আমাদের সবার খুউব আদরের। জন্মদিনে ওর জন্য অনেক শুভ কামনা।’

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *