বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদা ফিরবেন বলে বন্ধ থাকলো বিমানবন্দর সড়কের বাতি, নেতাকর্মীরা জ্বালালেন মোবাইলের আলো

নিজস্ব প্রতিবেদক: বুধবার সন্ধ্যার পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের বাতি জ্বলেনি। ওই সড়কে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা মোবাইল ফোনের আলো জ্বালিয়ে বিষয়টির প্রতিবাদ করেছেন।

বুধবার বিকেলে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য গত ১৫ জুলাই লন্ডনে যান তিনি।

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিকেল থেকেই বিমানবন্দর সড়কে ভিড় জমান বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী। কিন্তু সন্ধ্যার পর বাতি না জ্বলায় বিপাকে পড়েন তাঁরা।

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ওই সড়কের বাতি জ্বলেনি। সাড়ে ৬টার দিকে হঠাৎ আলো জ্বলে। তবে তা মাত্র পাঁচ মিনিট স্থায়ী ছিল। এরপর আবার নিভে যায় বাতি। এর জন্য সরকারকেই দায়ী করেন এসব নেতাকর্মী। হাতে থাকা মোবাইলের আলো জ্বালিয়ে সড়কেই মিছিল ও স্লোগান দিতে থাকেন তাঁরা। অনেক নেতাকর্মী মোটরসাইকেলের হেড লাইট জ্বালিয়ে সংহতি প্রকাশ করেন।

ভাটারা থানা ছাত্রদলের সদস্য হাসিবুল ইসলাম বলেন, ‘শুভেচ্ছা জানাতে আসা নেতাকর্মীদের বিপাকে ফেলার জন্য ইচ্ছাকৃতভাবে সন্ধ্যার পর থেকে সড়কের মূল বাতি জ্বালানো হয়নি।’ গুলশান থানা বিএনপির সদস্য জাকিরুল ইসলাম বলেন, ‘বিমানবন্দর সড়কের বাতি না জ্বালানো সরকারের একটি ষড়যন্ত্র। তবু আমরা যারা এসেছি, আমাদের নিজ নিজ মোবাইলের আলোতে হাত উঁচু করে ধরেছি। নেত্রী বাসায় পৌঁছানো পর্যন্ত আলো দিয়ে যাব।’

এর আগে বিকেল ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *